সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৪০ অপরাহ্ন, ৪ নভেম্বর ২০২৬

সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা, ঝুঁকিতে মক্কাসহ বহু এলাকা

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। আগামী শনিবার পর্যন্ত বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। অতি ভারী বৃষ্টিপাতের কারণে কিছু এলাকায় টর্নেডো ও জলস্তম্ভ সৃষ্টির ঝুঁকির কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (৪ […]

সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা, ঝুঁকিতে মক্কাসহ বহু এলাকা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। আগামী শনিবার পর্যন্ত বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। অতি ভারী বৃষ্টিপাতের কারণে কিছু এলাকায় টর্নেডো ও জলস্তম্ভ সৃষ্টির ঝুঁকির কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৪ নভেম্বর) গাল্ফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, দেশের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে দমকা হাওয়া, ধূলিঝড় ও আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মদিনা, তাবুক, আল জউফ, নর্দার্ন বর্ডারস, হাইল, নাজরান এবং রিয়াদের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

মক্কা ও তায়েফের পাশাপাশি আল জুমুম, বাহরা, মাইসান, আধাম এবং আল আরদিয়াত গভর্নরেটেও শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এনসিএম। এ ছাড়া জেদ্দা, রাবিঘ ও খুলাইস এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। আল লিথ ও আল কুনফুদাহ অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এনসিএমের সতর্কবার্তায় বলা হয়েছে, বজ্রঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি হতে পারে। এতে ধূলিকণা ছড়িয়ে সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং উপকূলীয় এলাকায় বড় ঢেউ সৃষ্টি হতে পারে। অতিবৃষ্টিপ্রবণ কিছু এলাকায় টর্নেডো কিংবা জলস্তম্ভ তৈরির ঝুঁকির কথাও জানিয়েছে সংস্থাটি।

প্রাথমিক পূর্বাভাসে বলা হয়েছে, সৌদি আরবের কয়েকটি অঞ্চলে আগামী সপ্তাহের শেষ পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নতুন করে সতর্কতা ও পূর্বাভাস প্রকাশ করা হবে।

এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা ও গাড়িচালকদের এনসিএমের ওয়েবসাইট, ‘আনওয়া’ আবহাওয়া অ্যাপ এবং সংস্থাটির যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে নিয়মিত আবহাওয়ার তথ্য ও সতর্কবার্তা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: গাল্ফ নিউজ।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ