প্রবল বৃষ্টি ও শক্তিশালী বজ্রঝড়ে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে নিউইয়র্ক সিটি। কয়েক ঘণ্টার টানা বর্ষণে শহরের বহু সড়ক পানির নিচে তলিয়ে যায়, বন্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক, আর পানিবন্দি হয়ে পড়েন অসংখ্য মানুষ। বুধবার রাতের এই দুর্যোগে সবচেয়ে বিপর্যস্ত হয় কুইন্সের বিভিন্ন এলাকা। কোথাও কোথাও রাস্তার পানি এতটাই বেড়ে যায় যে চালকদের নিজেদের গাড়ির […]
ছবি: সংগৃহীত
প্রবল বৃষ্টি ও শক্তিশালী বজ্রঝড়ে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে নিউইয়র্ক সিটি। কয়েক ঘণ্টার টানা বর্ষণে শহরের বহু সড়ক পানির নিচে তলিয়ে যায়, বন্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক, আর পানিবন্দি হয়ে পড়েন অসংখ্য মানুষ।
বুধবার রাতের এই দুর্যোগে সবচেয়ে বিপর্যস্ত হয় কুইন্সের বিভিন্ন এলাকা। কোথাও কোথাও রাস্তার পানি এতটাই বেড়ে যায় যে চালকদের নিজেদের গাড়ির ছাদে উঠে আশ্রয় নিতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, প্রবল স্রোতের মধ্যে গাড়ি ভেসে যাচ্ছে এবং পথচারীরা রাস্তায় দাঁড়িয়ে থাকতেই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন।
আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, কুইন্সের বেলারোজ এলাকায় সর্বোচ্চ ২ দশমিক ৫৭ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে ঘণ্টায় প্রায় ৬০ মাইল বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়।
দুর্যোগের কারণে নিউইয়র্ক সিটির বেশ কয়েকটি সাবওয়ে লাইনে সেবা ব্যাহত হয়। এছাড়া আই-৪৯৫, গ্র্যান্ড সেন্ট্রাল পার্কওয়ে ও ক্রস-আইল্যান্ড এক্সপ্রেসওয়ের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
জ্যাকি রবিনসন পার্কওয়েতে আটকে পড়া কয়েকজন চালক গাড়ির ছাদে উঠে সাহায্যের অপেক্ষা করেন। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বুকসমান পানি ঠেলে এক ব্যক্তি এগিয়ে গিয়ে পানিবন্দি এক চালককে উদ্ধার করছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মাত্র ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই কয়েকটি এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়। কুইন্স ভিলেজের বাসিন্দা চার্লটন ডি’সুজা বলেন, “এত ভয়াবহ বন্যা আমি আগে দেখিনি।”
ঝড়ের প্রভাবে স্ট্যাটেন আইল্যান্ড ও ব্রুকলিনের বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে। নিউ জার্সির কিছু এলাকায় বিদ্যুৎ লাইনেরও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এদিকে ঝড়ের পর তাপমাত্রাও হঠাৎ কমে যায়। নিউয়ার্ক এলাকায় মাত্র আধাঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি কমে যায় বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়াবিদদের আশঙ্কা, মেমোরিয়াল ডে উইকএন্ড পর্যন্ত নিউইয়র্ক অঞ্চলে ঠান্ডা ও অস্থির আবহাওয়া অব্যাহত থাকতে পারে।