বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ব্যবহারকারী বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে বছরে প্রায় ৪ হাজার কোটি ডলার টোল আদায়ের পরিকল্পনা করছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজগুলোকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে নির্ধারিত ফি […]
ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ব্যবহারকারী বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে বছরে প্রায় ৪ হাজার কোটি ডলার টোল আদায়ের পরিকল্পনা করছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজগুলোকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে নির্ধারিত ফি বা টোল দিতে হবে। ইরানের কর্মকর্তারা ইতোমধ্যে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোর একটি। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের উল্লেখযোগ্য অংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করে। এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয় এবং তেল ও গ্যাসের দামে ওঠানামা শুরু হয়।
এরপর ইরানের পার্লামেন্টে একটি আইন পাস হয়, যেখানে হরমুজ প্রণালি ব্যবহারের ক্ষেত্রে বিদেশি জাহাজের ওপর টোল বা সেবা ফি আরোপের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। ইরানের দাবি, যেহেতু প্রণালিটির একটি বড় অংশ তাদের আঞ্চলিক জলসীমার মধ্যে রয়েছে, তাই নিরাপত্তা ও নৌ-পরিচালনা সেবার জন্য তারা ফি আদায়ের অধিকার রাখে।
সম্প্রতি ওমান সফরে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা আর আগের অবস্থায় ফিরে যাবে না এবং ভবিষ্যতে নতুন বাস্তবতার ভিত্তিতে এর পরিচালনা ব্যবস্থা গড়ে উঠবে।
তবে ইরানের এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আন্তর্জাতিক জলপথ ব্যবহারের জন্য একতরফাভাবে টোল আরোপ করার অধিকার কোনো দেশের নেই। তার মতে, এমন সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটেও একই ধরনের নজির তৈরি হবে, যা বৈশ্বিক বাণিজ্য ও নৌপরিবহনে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
রুবিও আরও বলেন, আন্তর্জাতিক জলপথ কোনো একক রাষ্ট্রের সম্পত্তি নয় এবং এর অবাধ ব্যবহার নিশ্চিত করা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির অংশ। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যেকোনো ভবিষ্যৎ সমঝোতায় এই ধরনের টোল ব্যবস্থাকে গ্রহণ করবে না বলেও তিনি স্পষ্ট করে জানিয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতার পর ধীরে ধীরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাড়তে শুরু করেছে। তবে নিরাপত্তা পরিস্থিতি এবং টোল আরোপের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর মধ্যে এখনও উদ্বেগ রয়ে গেছে।