হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর পারস্য উপসাগরে আটকে থাকা হাজারো নাবিককে সরিয়ে নেওয়ার জাতিসংঘের উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নতুন এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ওমান উপসাগরের কাছে একটি পণ্যবাহী জাহাজ হামলার শিকার হয়। যুক্তরাষ্ট্রের […]
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পর পারস্য উপসাগরে আটকে থাকা হাজারো নাবিককে সরিয়ে নেওয়ার জাতিসংঘের উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নতুন এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ওমান উপসাগরের কাছে একটি পণ্যবাহী জাহাজ হামলার শিকার হয়। যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এই হামলার জন্য ইরানকে দায়ী করলেও তেহরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দায় স্বীকার করেনি।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা বস্তুর আঘাতে জাহাজটির চালকের কক্ষ বা ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজের ক্যাপ্টেন নিশ্চিত করেছেন যে হামলায় কোনো নাবিক আহত হননি এবং পরিবেশগত ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।
ঘটনার পর আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) তাদের চলমান উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সংস্থাটি জানিয়েছে, অঞ্চলে অবস্থানরত জাহাজ ও নাবিকদের নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়ন না করা পর্যন্ত অভিযান পুনরায় শুরু করা সম্ভব হবে না।
আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ বলেন, উদ্ধার কার্যক্রমের আওতায় ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বাকি জাহাজগুলোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান স্থগিত থাকবে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতার পর পারস্য উপসাগরে আটকে থাকা ১১ হাজারের বেশি নাবিককে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু হামলার ঘটনার পর সেই পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে।
এদিকে ইরানের সমুদ্রপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত রুটের বাইরে চলাচলকারী জাহাজের নিরাপত্তার দায়িত্ব তারা নেবে না। অননুমোদিত পথে চলাচলের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকির দায় সংশ্লিষ্ট জাহাজের মালিক, অপারেটর ও ক্যাপ্টেনদের বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।
ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতার পর হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধারের চেষ্টা চলছিল। তবে নতুন এই হামলা সেই প্রক্রিয়াকে আবারও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।