হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ বিশ্ব অর্থনীতিকে কার্যত ‘শ্বাসরোধ’ করছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া এই অস্থিরতা বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংকট সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি। এক বক্তব্যে গুতেরেস বলেন, হরমুজ প্রণালির সংকট বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এর সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্য, […]
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ বিশ্ব অর্থনীতিকে কার্যত ‘শ্বাসরোধ’ করছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া এই অস্থিরতা বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংকট সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।
এক বক্তব্যে গুতেরেস বলেন, হরমুজ প্রণালির সংকট বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এর সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি বাজার এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপর।
তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতির দ্রুত উন্নতি হলেও অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে ওঠা সহজ হবে না। তার ভাষায়, “সবচেয়ে ভালো পরিস্থিতির কথাও যদি ধরা হয়, তবুও এই সংকটের প্রভাব দীর্ঘদিন থাকবে।”
গুতেরেস আরও বলেন, “যদি আজই সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়, তবুও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কম থাকবে এবং পণ্যের উচ্চমূল্য আরও দীর্ঘায়িত হবে।”
জাতিসংঘ মহাসচিবের মতে, হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি ও পণ্য পরিবহন মারাত্মক চাপের মুখে পড়েছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। ফলে এ অঞ্চলের অস্থিতিশীলতা আন্তর্জাতিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে।
সূত্র: আল-জাজিরা