সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ধর্ম
৪:০২ অপরাহ্ন, ৩ জুন ২০২৬

হাজিদের ব্যবহৃত ইহরামের কাপড় নিয়ে সৌদির অনন্য উদ্যোগ

পবিত্র হজের মৌলিক আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সাধারণত বিপুল পরিমাণ ব্যবহৃত ইহরামের কাপড় উদ্বৃত্ত হিসেবে থেকে যায়। এই কাপড়কে বর্জ্যে পরিণত না করে কাজে লাগানোর ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ‘টেকসই ইহরাম’ নামে এই প্রকল্পের আওতায় গত এক বছরে হাজিদের ব্যবহৃত ইহরামের কাপড় পুনর্ব্যবহার করে পাঁচ হাজারেরও বেশি নতুন পণ্য তৈরি করা হয়েছে। সৌদি আরবের […]

হাজিদের ব্যবহৃত ইহরামের কাপড় নিয়ে সৌদির অনন্য উদ্যোগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

পবিত্র হজের মৌলিক আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সাধারণত বিপুল পরিমাণ ব্যবহৃত ইহরামের কাপড় উদ্বৃত্ত হিসেবে থেকে যায়। এই কাপড়কে বর্জ্যে পরিণত না করে কাজে লাগানোর ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ‘টেকসই ইহরাম’ নামে এই প্রকল্পের আওতায় গত এক বছরে হাজিদের ব্যবহৃত ইহরামের কাপড় পুনর্ব্যবহার করে পাঁচ হাজারেরও বেশি নতুন পণ্য তৈরি করা হয়েছে।

সৌদি আরবের জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র সুলতান আল-হার্থি এ তথ্য জানিয়েছেন। তার ভাষায়, এই উদ্যোগ সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় রূপান্তর কর্মসূচি এবং জীবনমান উন্নয়ন পরিকল্পনার সঙ্গেও এটি সরাসরি সামঞ্জস্যপূর্ণ।

ইহরামের সাদা কাপড় ইসলামে সাম্য, পবিত্রতা এবং বিনয়ের প্রতীক। হজ পালনের সময় পুরুষ হাজিদের জন্য সেলাইবিহীন দুই টুকরো সাদা কাপড় পরা বাধ্যতামূলক। ১০ জিলহজ জামারাতে পাথর নিক্ষেপ এবং চুল কাটার পর হাজিরা প্রথম ধাপে ইহরাম অবস্থা থেকে বেরিয়ে আসেন। এরপর তাওয়াফে ইফাদাহ সম্পন্ন করার মাধ্যমে তারা স্বাভাবিক পোশাকে ফিরে যান। ফলে বিপুল পরিমাণ ইহরামের কাপড় আর ব্যবহারযোগ্য থাকে না।

এই পরিস্থিতিকে সম্পদে রূপান্তর করতেই সৌদি কর্তৃপক্ষ নতুন এই প্রকল্প হাতে নিয়েছে। সুলতান আল-হার্থি বলেন, উদ্যোগটি শুধু পরিবেশ সংরক্ষণেই ভূমিকা রাখছে না, বরং জাতীয় অর্থনীতিকেও শক্তিশালী করছে। একই সঙ্গে অলাভজনক খাতের বিকাশে সহায়তা করছে এবং উৎপাদনশীল পরিবারের নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।

তিনি আরও জানান, ফেলে দেওয়া ইহরামের কাপড় থেকে পাঁচ হাজারের বেশি পণ্য তৈরি করায় পরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনার ব্যয় অনেক কমে এসেছে। এই প্রকল্পের মাধ্যমে ৩০টি খণ্ডকালীন কর্মসংস্থান তৈরি হয়েছে এবং ২৫ জন প্রান্তিক নারী দর্জি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন।

পরিবেশগত দিক থেকেও প্রকল্পটি সফল হয়েছে বলে দাবি করা হচ্ছে। এতে ২১১ টনের বেশি কাপড়ের বর্জ্য ল্যান্ডফিলে জমা হওয়া থেকে রক্ষা পেয়েছে। হজ মৌসুমে কার্বন নিঃসরণ কমাতেও এটি সহায়তা করেছে। পাশাপাশি সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে প্রায় দুই লাখ হাজি পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে যুক্ত হয়েছেন।

কীভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, তাও জানিয়েছেন আল-হার্থি। পবিত্র স্থানগুলোতে স্থাপিত নির্দিষ্ট বুথ থেকে ব্যবহৃত ইহরামের কাপড় সংগ্রহ করা হয়। পরে কঠোর বাছাইয়ের মাধ্যমে সেগুলো আলাদা করে আধুনিক প্রযুক্তিতে জীবাণুমুক্ত করা হয়। স্বাস্থ্যগত দিক থেকে পুরোপুরি নিরাপদ নিশ্চিত হওয়ার পর সেগুলো দিয়ে নতুন পণ্য তৈরি করা হয়। বর্তমানে এসব কাপড় দিয়ে ব্যাগ, বালিশ, কভার এবং বিভিন্ন উপহারসামগ্রী তৈরি করা হচ্ছে।

সরকারি, বেসরকারি ও অলাভজনক খাতের ২২টি প্রতিষ্ঠানের অংশীদারিত্বে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি বর্জ্য ব্যবস্থাপনায় একটি সফল দৃষ্টান্ত, যা চক্রাকার অর্থনীতির বাস্তব প্রয়োগের উদাহরণ হয়ে উঠেছে।

শুধু ইহরামের কাপড় নয়, হজের সময় উদ্বৃত্ত খাবারকেও জৈব সারে রূপান্তরের কাজ করছে সৌদি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। ভবিষ্যতে এই মডেল দেশের অন্যান্য বড় প্রকল্পেও প্রয়োগ করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর করে আরও টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়তে চায় সৌদি আরব।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ