ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকার আগে ভারতের কাছে চিঠি দিয়েছিল। তবে […]
ছবি: সংগৃহীত
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকার আগে ভারতের কাছে চিঠি দিয়েছিল। তবে বর্তমান সরকার এখনো নতুন করে আনুষ্ঠানিক কোনো চিঠি দেয়নি। যদিও বিষয়টি নিয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে একাধিক দফায় আলোচনা হয়েছে।
তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক মাসে ভারতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচার প্রক্রিয়ার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
এছাড়া মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এই সংকট মোকাবিলায় ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানান প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ভারতে আটক কিছু আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো কনস্যুলার অ্যাক্সেস পায়নি বাংলাদেশ। তবে দ্রুতই তা পাওয়া যাবে বলে আশা করছে সরকার এবং তাদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা হবে।