বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে ভারত আবারও বলেছে, বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার আওতাভুক্ত এবং এ বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “এ বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। যেকোনো প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং তা প্রযোজ্য আইন […]
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে ভারত আবারও বলেছে, বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার আওতাভুক্ত এবং এ বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
মঙ্গলবার (১৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “এ বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। যেকোনো প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং তা প্রযোজ্য আইন ও নিয়ম অনুযায়ী বিবেচনা করা হবে।”
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তিনি এবং আওয়ামী লীগের অন্যান্য নেতারা আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছেন। গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে তিনি ভারত চলে যান এবং এরপর থেকেই সেখানে অবস্থান করছেন।
বাংলাদেশ সরকার ইতোমধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। মানবতাবিরোধী অপরাধ, হত্যা এবং অন্যান্য মামলায় তাকে বিচারের মুখোমুখি করতে এই অনুরোধ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প নিয়েও প্রশ্ন ওঠে। সাম্প্রতিক কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এসব প্রকল্প স্থগিত হতে পারে বলে দাবি করা হয়েছিল।
এ বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্পগুলো দুই দেশের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে গ্রহণ করা হয়েছে এবং সেগুলোর কাজ চলমান রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে বাস্তবায়নাধীন অধিকাংশ উন্নয়ন প্রকল্প শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়, অর্থাৎ ২০২৪ সালের আগস্টের আগেই অনুমোদিত হয়েছিল।