বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বহুল প্রতীক্ষিত ইউজারনেম সুবিধা চালু করতে যাচ্ছে। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফোন নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তবে অ্যাকাউন্ট খোলার জন্য আগের মতোই ফোন নম্বর ব্যবহার বাধ্যতামূলক থাকবে। মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীরা এখন থেকেই নিজেদের পছন্দের ইউজারনেম সংরক্ষণ করতে পারবেন। তবে […]
ছবি: সংগৃহীত
বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বহুল প্রতীক্ষিত ইউজারনেম সুবিধা চালু করতে যাচ্ছে। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফোন নম্বর প্রকাশ না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তবে অ্যাকাউন্ট খোলার জন্য আগের মতোই ফোন নম্বর ব্যবহার বাধ্যতামূলক থাকবে।
মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীরা এখন থেকেই নিজেদের পছন্দের ইউজারনেম সংরক্ষণ করতে পারবেন। তবে ফিচারটি ধাপে ধাপে বিভিন্ন দেশে চালু হবে এবং চলতি বছরের শেষ নাগাদ বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ইউজারনেম ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে হতে হবে এবং তা হোয়াটসঅ্যাপের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে। জনপ্রিয় তারকা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কিছু ইউজারনেম সংরক্ষিত থাকবে। ব্যবসা প্রতিষ্ঠান ও কনটেন্ট নির্মাতারা চাইলে তাদের ফেসবুক বা ইনস্টাগ্রামের একই ইউজারনেম হোয়াটসঅ্যাপেও ব্যবহার করতে পারবেন।
ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা Settings > Account > Username অপশনে গিয়ে নিজেদের ইউজারনেম নির্ধারণ করতে পারবেন। এছাড়া চাইলে একটি অতিরিক্ত Username Key ব্যবহার করা যাবে, যার মাধ্যমে শুধুমাত্র নির্ধারিত ব্যক্তিরাই যোগাযোগ করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজারনেমের কোনো উন্মুক্ত ডিরেক্টরি থাকবে না এবং শুধুমাত্র নির্দিষ্ট ইউজারনেম জানলেই কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত ফোন নম্বর আরও নিরাপদ থাকবে এবং অনাকাঙ্ক্ষিত যোগাযোগের ঝুঁকিও কমবে।
হোয়াটসঅ্যাপের ভাইস প্রেসিডেন্ট ও প্রোডাক্ট প্রধান অ্যালিস নিউটন-রেক্স বলেন, নতুন কারও সঙ্গে পরিচয়ের সময় অনেকেই নিজের ফোন নম্বর শেয়ার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। ইউজারনেম সুবিধা ব্যবহারকারীদের সেই গোপনীয়তা রক্ষা এবং ফোন নম্বরের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেবে।
উল্লেখ্য, টেলিগ্রাম ও সিগন্যালের মতো মেসেজিং প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরেই ইউজারনেমের মাধ্যমে ফোন নম্বর গোপন রেখে যোগাযোগের সুবিধা রয়েছে।
সূত্র: হোয়াটসঅ্যাপ, এপি, দ্য ভার্জ