আসন্ন ঈদুল আজহা ও কোরবানির পশুর হাটকে সামনে রেখে ৫০০ ও ১০০০ টাকার মতো বড় অঙ্কের নোট লেনদেনে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সময় নগদ লেনদেন বেড়ে যাওয়ায় বাজারে জালনোট ছড়িয়ে পড়ার আশঙ্কাও বৃদ্ধি পায় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।প্রতি বছর কোরবানির পশু কেনাবেচার সময় উল্লেখযোগ্য পরিমাণ টাকা হাতে হাতে লেনদেন হয়। বিশেষ […]
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল আজহা ও কোরবানির পশুর হাটকে সামনে রেখে ৫০০ ও ১০০০ টাকার মতো বড় অঙ্কের নোট লেনদেনে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সময় নগদ লেনদেন বেড়ে যাওয়ায় বাজারে জালনোট ছড়িয়ে পড়ার আশঙ্কাও বৃদ্ধি পায় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতি বছর কোরবানির পশু কেনাবেচার সময় উল্লেখযোগ্য পরিমাণ টাকা হাতে হাতে লেনদেন হয়। বিশেষ করে হাটে-পাইকারি পর্যায়ে বড় অঙ্কের নোট বেশি ব্যবহার হওয়ায় জাল নোটের ঝুঁকিও বাড়ে। এ কারণে লেনদেনের সময় নোট ভালোভাবে পরীক্ষা করে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো খুঁটিয়ে দেখা উচিত। এর মধ্যে জলছাপ, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি এবং নোটের ছাপার অসমতল অংশ যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সন্দেহজনক নোট হাতে এলে সেটি গ্রহণ না করাই ভালো।
কোনো নোট নিয়ে সন্দেহ দেখা দিলে পশুর হাটে স্থাপিত ব্যাংকের অস্থায়ী বুথে যোগাযোগ করা যেতে পারে। পাশাপাশি নিকটস্থ যেকোনো বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের সহায়তা নেওয়ার কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জালিয়াতি এড়াতে অচেনা বা সন্দেহজনক উৎস থেকে নগদ লেনদেন না করার পরামর্শও দেওয়া হয়েছে। সম্ভব হলে ব্যাংক বা অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন করা, অর্থের উৎস যাচাই করে নেওয়া এবং পরিচিতদেরও এ বিষয়ে সচেতন করা উচিত বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
আসল নোট চিনতে আরও বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে। ঈদের মৌসুমে নিরাপদ লেনদেন নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।