শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষাপটে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর মাধ্যমে দেশটি আরব বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে এ ধরনের নীতি গ্রহণ করল। সরকারি তথ্য দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৮ জুন) অনুমোদিত একটি অধ্যাদেশ অনুযায়ী ১৫ […]
ছবি: সংগৃহীত
শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষাপটে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর মাধ্যমে দেশটি আরব বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে এ ধরনের নীতি গ্রহণ করল।
সরকারি তথ্য দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৮ জুন) অনুমোদিত একটি অধ্যাদেশ অনুযায়ী ১৫ বছরের নিচের কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি, পরিচালনা বা ব্যবহার করতে পারবে না।
নতুন নীতিমালায় ১৫ ও ১৬ বছর বয়সীদের জন্য সীমিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। তবে তাদের ক্ষেত্রে বয়স-উপযোগী কনটেন্ট ফিল্টার, অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের সীমাবদ্ধতা, স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ এবং অভিভাবকীয় তদারকির মতো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।
নিয়মটি বাস্তবায়নের দায়িত্ব সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ওপরও বর্তাবে। মেটা, টিকটক, এক্সসহ সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাইয়ের জন্য ডিজিটাল পরিচয়পত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য প্রযুক্তিনির্ভর পদ্ধতি ব্যবহার করতে হবে। কেবল স্বঘোষিত বয়স আর গ্রহণযোগ্য হবে না।
এ ছাড়া ১৫ বছরের কম বয়সীদের বিদ্যমান অ্যাকাউন্ট শনাক্ত করে অপসারণের ব্যবস্থা নিতে হবে। শিশুদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন বা আচরণভিত্তিক প্রোফাইল তৈরিও নিষিদ্ধ করা হয়েছে। নতুন বিধিমালা বাস্তবায়নে প্ল্যাটফর্মগুলোকে সর্বোচ্চ ১২ মাস সময় দেওয়া হয়েছে।
ইউএই সরকার জানিয়েছে, শিশুদের ক্ষতিকর কনটেন্ট, অনিরাপদ অনলাইন যোগাযোগ, অতিরিক্ত স্ক্রিন-নির্ভরতা এবং ব্যক্তিগত তথ্যের ঝুঁকি থেকে সুরক্ষা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশও সাম্প্রতিক সময়ে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কড়াকড়ি আরোপ বা নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।