পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে এবারের অমর একুশে বইমেলা। আপাতত বইমেলা পেছানোর কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছে বাংলা একাডেমি। একই সঙ্গে পবিত্র রমজান মাসে মেলা অনুষ্ঠিত হওয়ায় মেলা প্রাঙ্গণে ইফতার, নামাজ ও তারাবির বিশেষ ব্যবস্থা রাখা হবে বলেও জানানো হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত […]
ছবি: সংগৃহীত
পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে এবারের অমর একুশে বইমেলা। আপাতত বইমেলা পেছানোর কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছে বাংলা একাডেমি। একই সঙ্গে পবিত্র রমজান মাসে মেলা অনুষ্ঠিত হওয়ায় মেলা প্রাঙ্গণে ইফতার, নামাজ ও তারাবির বিশেষ ব্যবস্থা রাখা হবে বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজনের যে দাবি প্রকাশকদের একটি অংশ তুলেছেন, তা বাস্তবসম্মত নয়। বাংলা একাডেমির মতে, এ বিষয়ে উত্থাপিত দাবির পেছনে কোনো যৌক্তিক কারণ নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্যসচিব ড. মো. সেলিম রেজা। তারা একাডেমির অবস্থান ও প্রস্তুতির সার্বিক দিক তুলে ধরেন।
লিখিত বক্তব্যে ড. মো. সেলিম রেজা বলেন, ভাষা শহীদদের স্মরণে বাংলা একাডেমি প্রকাশক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রতিবছর মাসব্যাপী অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আসছে। সময়ের পরিক্রমায় এই বইমেলা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।
তিনি জানান, অনিবার্য বাস্তবতার কারণে এ বছর ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু করা সম্ভব হয়নি। ফলে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই ২০ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে বইমেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে এবং একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশকদের দাবির প্রেক্ষিতে গত বছরের তুলনায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে, যদিও এবছর বইমেলা আয়োজনের সামগ্রিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানান তিনি।
ড. সেলিম রেজা আরও বলেন, বইমেলা আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে প্রত্যাশিত অগ্রগতিতে পৌঁছেছে। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নির্বাচন, শহীদ সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ, স্টল নির্মাণ কার্যক্রম, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসূচি চূড়ান্তসহ সম্ভাব্য আলোচক ও প্রবন্ধকারদের কাছে আমন্ত্রণপত্র পাঠানোর কাজ সম্পন্ন হয়েছে।
তিনি জানান, এবছর বইমেলায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করে গত বছরের ৫২৭টি প্রতিষ্ঠান এবং নতুন ৫৩টি প্রতিষ্ঠান আবেদন করেছে। জায়গার সীমাবদ্ধতার কারণে গত বছরের ৫২৭টির সঙ্গে নতুন করে ২৪টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দের জন্য নির্বাচন করা হয়েছে। এ ছাড়া বর্ধিত আকারের স্টলের জন্য ৫৬টি প্রতিষ্ঠান আবেদন করেছে। সরকারি ও বেসরকারি মিলিয়ে শতাধিক প্রতিষ্ঠানও আলাদাভাবে স্টল বরাদ্দ চেয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যখন বইমেলার প্রস্তুতি প্রায় ৬০ শতাংশ সম্পন্ন, তখন কিছু প্রকাশক ঈদের পর বইমেলা আয়োজনের অনুরোধ জানান। তাদের বক্তব্য শোনা হলেও বাস্তবতার আলোকে জানানো হয়েছে—এপ্রিল মাসে প্রচণ্ড তাপপ্রবাহ, ধুলোবালি, কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাতের ঝুঁকির কারণে সে সময় মাসব্যাপী বইমেলা আয়োজন অত্যন্ত কঠিন।
সব দিক বিবেচনায় রেখে ড. সেলিম রেজা বলেন, আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই বইমেলা শুরু হবে। তিনি ভিন্নমত পোষণকারী প্রকাশকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কিছু চ্যালেঞ্জ থাকলেও তারা যেন দেশের এই ঐতিহ্যবাহী আয়োজনে অংশগ্রহণ করেন।