সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

প্রধান খবর
১:৩৭ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬

২৬ বছর পর হামের নির্মূলের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র: আক্রান্ত ৫ হাজার ছাড়াল; মৃত্যু ১০

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী সংক্রামক রোগ হাম। চলতি বছর দেশটিতে ৫ হাজার ৪১২ জনের শরীরে এ রোগ শনাক্ত হয়েছে এবং বিভিন্ন অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে প্রাণ গেছে অন্তত ১০ জনের। এর মধ্যে নতুন করে পেনসিলভানিয়া ও উইসকনসিনে দুজনের মৃত্যুর খবর এসেছে। এমন পরিস্থিতিতে ২০০০ সাল থেকে ধরে রাখা হাম নির্মূলের মর্যাদাও হারিয়েছে যুক্তরাষ্ট্র। […]

২৬ বছর পর হামের নির্মূলের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র: আক্রান্ত ৫ হাজার ছাড়াল; মৃত্যু ১০

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৪ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী সংক্রামক রোগ হাম। চলতি বছর দেশটিতে ৫ হাজার ৪১২ জনের শরীরে এ রোগ শনাক্ত হয়েছে এবং বিভিন্ন অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে প্রাণ গেছে অন্তত ১০ জনের। এর মধ্যে নতুন করে পেনসিলভানিয়া ও উইসকনসিনে দুজনের মৃত্যুর খবর এসেছে। এমন পরিস্থিতিতে ২০০০ সাল থেকে ধরে রাখা হাম নির্মূলের মর্যাদাও হারিয়েছে যুক্তরাষ্ট্র। টানা ২৬ বছর পর দেশটিতে ভাইরাসটির স্থানীয় সংক্রমণ আবার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য কর্তৃপক্ষ।

শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানায়, ১২ নভেম্বর পর্যন্ত দেশটিতে এ বছর ৫ হাজার ৪১২ জনের হাম শনাক্ত হয়েছে। আগের সাপ্তাহিক হিসাবের তুলনায় নতুন আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৩০ জন। সিডিসির তথ্য অনুযায়ী, ৪৭টি অঙ্গরাজ্য ও প্রশাসনিক অঞ্চলে সংক্রমণের খবর পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৯৬ শতাংশই টিকা নেননি অথবা তাঁদের টিকা নেওয়ার তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, বিভিন্ন অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্যের ভিত্তিতে এবিসি নিউজ জানিয়েছে, চলতি বছর হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ হয়েছে। পেনসিলভানিয়ায় সাতজন, উইসকনসিনে দুজন এবং নিউইয়র্কে একজন মারা গেছেন। শুক্রবার উইসকনসিনে দ্বিতীয় মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। মারা যাওয়া শিশুটির বিষয়ে পরিবারের গোপনীয়তার স্বার্থে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। একই দিন পেনসিলভানিয়ায় মন্টুর কাউন্টির এক টিকাবিহীন বাসিন্দার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

তবে মৃত্যুর সংখ্যা নিয়ে সিডিসি ও অঙ্গরাজ্যগুলোর হিসাবে পার্থক্য রয়েছে। সিডিসি ১৩ নভেম্বর পর্যন্ত জাতীয় পর্যায়ে ছয়টি হাম-সম্পর্কিত মৃত্যু নিশ্চিত করেছিল। অন্যদিকে, অঙ্গরাজ্যগুলোর স্বাস্থ্য বিভাগের হিসাবে মৃত্যুর সংখ্যা ১০। রয়টার্স জানিয়েছে, মৃত্যুর তথ্য গণনার পদ্ধতিতে পরিবর্তনের কারণে এই ব্যবধান তৈরি হয়েছে।

২৬ বছর পর হারাল নির্মূলের মর্যাদা

২০০০ সালে ব্যাপক টিকাদান কর্মসূচির সাফল্যে যুক্তরাষ্ট্রে হাম নির্মূল ঘোষণা করা হয়েছিল। এর অর্থ ছিল, দেশটিতে ভাইরাসটির স্থানীয়ভাবে নিয়মিত সংক্রমণ বন্ধ হয়েছে। এরপরও বিদেশ থেকে আসা আক্রান্ত ব্যক্তিদের মাধ্যমে বিচ্ছিন্ন সংক্রমণ ঘটেছে, তবে সেগুলো সাধারণত বড় আকার ধারণ করতে পারেনি।

কিন্তু ২০২৫ ও ২০২৬ সালে বিভিন্ন অঙ্গরাজ্যে দীর্ঘস্থায়ী প্রাদুর্ভাব দেখা দেয়। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পিএএইচও) কাছে প্রতিবেদন দেওয়া স্বাধীন বিশেষজ্ঞ কমিশন সিদ্ধান্তে পৌঁছেছে, যুক্তরাষ্ট্র আর হাম নির্মূলের মর্যাদা ধরে রাখার শর্ত পূরণ করছে না। কেএফএফ হেলথ নিউজকে সিদ্ধান্ত-প্রক্রিয়া সম্পর্কে অবগত গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। সংস্থাটি জানিয়েছে, ১৭ নভেম্বর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সংজ্ঞা অনুযায়ী, একই ধরনের ভাইরাসের সংক্রমণ একটি দেশে অন্তত ১২ মাস ধরে ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়াতে থাকলে সেটিকে স্থানীয় বা নিয়মিত সংক্রমণ হিসেবে বিবেচনা করা হয়। ভাইরাসের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সংক্রমণের ধারাবাহিকতা নির্ধারণ করা হয়।

গত আগস্টে প্রকাশিত এক গবেষণায় ইউটাহর জনস্বাস্থ্য পরীক্ষাগারের বিজ্ঞানীরা জানান, অঙ্গরাজ্যটিতে এক বছরের বেশি সময় ধরে একই ধরনের হামের ভাইরাস ছড়িয়ে পড়েছে। ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সেখানে ৬০০ জনের বেশি আক্রান্ত হন। আক্রান্তদের বড় অংশ একই ধরনের ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী এই সংক্রমণ যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের মর্যাদা হারানোর সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কেন বাড়ছে সংক্রমণ?

বিশেষজ্ঞদের মতে, টিকাদানের হার কমে যাওয়া এবং টিকা নিয়ে মানুষের মধ্যে সংশয় ছড়িয়ে পড়া সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। যুক্তরাষ্ট্রে কিন্ডারগার্টেন পর্যায়ের শিশুদের হাম প্রতিরোধী টিকা নেওয়ার হার ২০১৯ সালের ৯৫ শতাংশ থেকে ২০২৬ সালে ৯২ শতাংশে নেমেছে। অথচ সংক্রমণ ঠেকাতে কোনো জনগোষ্ঠীতে প্রায় ৯৫ শতাংশ মানুষের টিকা নেওয়া প্রয়োজন। এ বছর স্কুলে ভর্তি হওয়া প্রায় ৩ লাখ শিশু হাম প্রতিরোধী টিকা পায়নি বলে জানিয়েছে এবিসি নিউজ।

সিডিসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালে আক্রান্তদের মধ্যে ২০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ২ হাজার ২৪০, যা মোট আক্রান্তের প্রায় ৪১ শতাংশ। পাঁচ থেকে ১৯ বছর বয়সী আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৮৩ এবং পাঁচ বছরের কম বয়সী ৯৫১ শিশু আক্রান্ত হয়েছে। এ বছর আক্রান্তদের ১১ শতাংশ হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাপ্তবয়স্কদের মধ্যে হাসপাতালে ভর্তির হার প্রায় ১৫ শতাংশ।

সিডিসির হিসাব অনুযায়ী, ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বছরে গড়ে প্রায় ১৮০ জন হামে আক্রান্ত হতেন। অথচ ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৮৯। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত তা বেড়ে ৫ হাজার ৪১২ হয়েছে, যা ১৯৯১ সালের পর সর্বোচ্চ।

কতটা বিপজ্জনক হাম?

হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তি কাশি বা হাঁচি দিলে বাতাসের মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে। একজন আক্রান্ত ব্যক্তি টিকা না নেওয়া আশপাশের ১২ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারেন। আক্রান্ত ব্যক্তি কোনো ঘর ছেড়ে যাওয়ার পরও বাতাসে ভাইরাসটি প্রায় দুই ঘণ্টা সক্রিয় থাকতে পারে।

সাধারণত জ্বর, কাশি, সর্দি ও শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। তবে রোগটি নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহসহ গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী এবং যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, তাঁদের ঝুঁকি বেশি।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, এমএমআর (হাম, মাম্পস ও রুবেলা) টিকার দুটি ডোজ হাম প্রতিরোধে প্রায় ৯৭ শতাংশ কার্যকর। সাধারণত প্রথম ডোজ ১২ থেকে ১৫ মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ চার থেকে ছয় বছর বয়সে দেওয়া হয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের মর্যাদা ফিরে পেতে সংক্রমণের ধারাবাহিকতা বন্ধ করা এবং টিকাদানের হার বাড়ানো জরুরি। দীর্ঘদিনের অর্জন হারানোর পাশাপাশি দেশটিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য ব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

সূত্র: সিডিসি, রয়টার্স, এবিসি নিউজ ও কেএফএফ হেলথ নিউজ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ