সুইডেনের ডালার্না অঞ্চলের ছোট্ট এক গ্রামে বড় হয়েছেন সোফিয়া নর্ডগ্রেন। বাইরে থেকে তাঁর শৈশবকে সুন্দর মনে হলেও বাস্তবতা ছিল ভিন্ন। বাংলাদেশ থেকে মাত্র দুই বছর বয়সে দত্তক নেওয়া এই নারীকে শৈশবজুড়ে সহ্য করতে হয়েছে বর্ণবাদ, অবহেলা ও পরিচয়হীনতার যন্ত্রণা। দত্তক নেওয়ার কাগজপত্রে লেখা ছিল, তাঁর জন্মদাত্রী মা মারা গেছেন। সেই তথ্য বিশ্বাস করেই কেটেছে জীবনের […]
ছবি: সংগৃহীত
সুইডেনের ডালার্না অঞ্চলের ছোট্ট এক গ্রামে বড় হয়েছেন সোফিয়া নর্ডগ্রেন। বাইরে থেকে তাঁর শৈশবকে সুন্দর মনে হলেও বাস্তবতা ছিল ভিন্ন। বাংলাদেশ থেকে মাত্র দুই বছর বয়সে দত্তক নেওয়া এই নারীকে শৈশবজুড়ে সহ্য করতে হয়েছে বর্ণবাদ, অবহেলা ও পরিচয়হীনতার যন্ত্রণা। দত্তক নেওয়ার কাগজপত্রে লেখা ছিল, তাঁর জন্মদাত্রী মা মারা গেছেন। সেই তথ্য বিশ্বাস করেই কেটেছে জীবনের দীর্ঘ সময়। কিন্তু প্রায় ৫০ বছর পর ডিএনএ পরীক্ষায় জানা গেল, মা বেঁচে আছেন। অবশেষে খুঁজে পেলেন জন্মদাত্রী মা রাহিমা খাতুনকে।
সুইডেনের লাল কাঠের বাড়ি, বন আর খোলা মাঠের মধ্যে বেড়ে উঠলেও সোফিয়ার মনে সবসময় ছিল নিজের শেকড় জানার আকাঙ্ক্ষা। গায়ের রঙের কারণে শ্বেতাঙ্গ অধ্যুষিত এলাকায় তাঁকে বারবার বর্ণবাদী আচরণের শিকার হতে হয়েছে। নিজের পালক পরিবারের মধ্যেও তিনি অনুভব করতেন এক ধরনের দূরত্ব। দীর্ঘদিনের সেই একাকিত্ব আর পরিচয়ের সংকট তাঁকে বারবার ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের ঠিকানার দিকে।

১৯৭৬ সালে মাত্র দুই বছর বয়সে ঢাকার মিশনারিজ অব চ্যারিটি নামের একটি দাতব্য সংস্থার মাধ্যমে সোফিয়াকে দত্তক নেন সুইডেনের নর্ডগ্রেন পরিবারের লার্স গুস্তাভ ও ভিওলা। পালক বাবা-মায়ের নিজেদের একটি মেয়ে ছিল, যে সোফিয়ার চেয়ে তিন বছরের বড়। দুই বোন একই পরিবারে বড় হলেও তাদের প্রতি আচরণে পার্থক্য অনুভব করতেন সোফিয়া।
বড় বোন ছিলেন শান্ত ও বইপড়ুয়া। অন্যদিকে সোফিয়া পছন্দ করতেন বাস্কেটবল, অ্যাথলেটিক্স, জ্যাজ নাচ ও গিটার। কিন্তু ছোট্ট গ্রামীণ এলাকায় তিনিই ছিলেন একমাত্র বাদামি ত্বকের মানুষ। স্কুলে তাঁকে বর্ণবাদী গালাগালি শুনতে হতো। অনেকে অযাচিতভাবে তাঁর চুলে হাত দিত, আবার কেউ কেউ তাঁকে নিয়ে ঠাট্টা করত।

পালক মায়ের সামনে এমন ঘটনা ঘটলেও বেশিরভাগ সময় তিনি নীরব থাকতেন বলে জানিয়েছেন সোফিয়া। ঘরের ভেতরেও নিজেকে নিরাপদ বা সমানভাবে গ্রহণযোগ্য মনে হতো না তাঁর। পালক বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পরে তাঁদের বিচ্ছেদ হলে কখনো বাবার কাছে, কখনো মায়ের কাছে থাকতে হতো তাঁকে।
সামান্য মনোমালিন্য হলেই পালক মা তাঁকে জিনিসপত্র গুছিয়ে বাবার কাছে চলে যেতে বলতেন। বারবার এমন অভিজ্ঞতার কারণে ছোটবেলা থেকেই তাঁর মনে প্রশ্ন তৈরি হয়—মা কি তাঁকে ভালোবাসেন, নাকি তিনি পরিবারের অন্য সদস্যদের মতো নন?
একাত্তরকে সোফিয়া বলেন, সুইডেনের যে এলাকায় তিনি বড় হয়েছেন, সেখানে সবাই ছিলেন শ্বেতাঙ্গ। নিজের গায়ের রঙের কারণে তাঁকে নিয়মিত ঠাট্টা, হয়রানি ও বর্ণবাদী আচরণের মুখোমুখি হতে হয়েছে। পালক বাবা-মায়ের নিজেদের একটি সন্তান থাকায় দুই মেয়ের সঙ্গে ভিন্ন আচরণ করা হতো বলেও জানান তিনি। এসব কারণে সবসময় নিজেকে পরিবারের বাইরের একজন মনে হতো তাঁর।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের জন্মপরিচয় জানার আগ্রহ আরও বাড়তে থাকে সোফিয়ার। দত্তক নেওয়ার কাগজপত্রে উল্লেখ ছিল, তাঁর জন্মদাত্রী মা মারা গেছেন এবং বাবা জীবিত আছেন।
১৯৯৯ সালে নার্সিং প্রশিক্ষণ শেষ করে স্টকহোমে বসবাস শুরু করার পর কিছু টাকা জমিয়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন তিনি। বাংলা ভাষা না জানায় এবং কাগজপত্রে থাকা ঠিকানা ছাড়া তেমন কোনো তথ্য না থাকায় তাঁর অনুসন্ধান সহজ ছিল না।
চাঁদপুরের গৃদকালিন্দিয়া ও চরমুগরিয়া এলাকায় গিয়ে খোঁজ শুরু করেন সোফিয়া। একপর্যায়ে তাঁর সামনে এক নারীকে এনে বলা হয়, তিনিই তাঁর জন্মদাত্রী মা। কিন্তু কাগজপত্রে যাঁকে মৃত বলা হয়েছে, তিনি কীভাবে জীবিত—এই প্রশ্নে বিভ্রান্ত হয়ে পড়েন সোফিয়া।
তখন ডিএনএ পরীক্ষার সুযোগও সহজলভ্য ছিল না। ভাষাগত বাধার কারণে বিষয়টি পরিষ্কার করাও কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত নিশ্চিত কোনো উত্তর না পেয়েই সুইডেনে ফিরে যান তিনি।

বাংলাদেশ থেকে ফিরে নিজের জীবন গুছিয়ে নেন সোফিয়া। ৩০ বছরেরও বেশি সময় নার্স হিসেবে কাজ করেছেন। পাশাপাশি লেখক, পাবলিক স্পিকার ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবেও পরিচিতি পান। সুইডিশ টেলিভিশন ছাড়াও নিউইয়র্ক ও বেলগ্রেডের আন্তর্জাতিক মঞ্চে কথা বলেছেন তিনি।
তবে পেশাগত সাফল্য ও নিজের গড়ে তোলা জীবনও জন্মপরিচয় জানার আকাঙ্ক্ষা মুছে দিতে পারেনি।
২০২৪ সালে মাত্র ১০ দিনের ব্যবধানে তাঁর পালক বাবা ও মা দুজনেই মারা যান। তাঁদের মৃত্যুর পর পুরোনো স্মৃতির সঙ্গে বাংলাদেশের সেই নারীর কথাও আবার মনে পড়ে সোফিয়ার। সত্যতা নিশ্চিত করতে ২০২৫ সালে দুইবার বাংলাদেশে আসেন তিনি।
এবার আর কারও কথার ওপর নির্ভর করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করেন। পরীক্ষার নমুনা সুইডেনে পাঠানো হয়। ফলাফল আসে পজিটিভ। নিশ্চিত হয়, চাঁদপুরে খুঁজে পাওয়া ওই নারীই তাঁর জন্মদাত্রী মা রাহিমা খাতুন।
যাঁকে মৃত বলে জানানো হয়েছিল, সেই মা আসলে বেঁচে ছিলেন। অথচ দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে মা ও মেয়ে কেউই জানতেন না, অন্যজন কোথায় আছেন।

জন্মদাত্রী মাকে খুঁজে পাওয়ার পরও সোফিয়ার জীবনের সব শূন্যতা পূরণ হয়নি। মা ও মেয়ের ভাষা আলাদা, জীবনযাপনও ভিন্ন। বয়স ও অসুস্থতার কারণে রাহিমা খাতুনের পক্ষে হয়তো কখনো সুইডেনে গিয়ে মেয়ের জীবন দেখা সম্ভব হবে না।
সোফিয়া নিজের জীবনের এই জটিল অনুভূতি বোঝাতে দুটি পারিবারিক ছবির কথা বলেন। একটি ছবিতে সুইডেনে তাঁর পালক বাবা-মা ও তাঁদের জৈবিক মেয়ে রয়েছেন। অন্য ছবিতে বাংলাদেশে তাঁর জন্মদাত্রী মা ও মায়ের আরেক মেয়ে। দুটি পরিবার, দুটি দেশ—কিন্তু কোনো ছবিতেই নেই সোফিয়া।
তাঁর আক্ষেপ, এমন একটি পারিবারিক ছবি তাঁর নেই, যেখানে তাঁকে নিজের পরিচয় বা সেখানে থাকার কারণ ব্যাখ্যা করতে হবে না।

১৯৭৬ সালের কোনো এক সকালে দুই বছর বয়সী সোফিয়াকে কোলে নিয়ে চাঁদপুরের চরমুগরিয়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন তাঁর বাবা। কিন্তু তিনি ফিরে এসেছিলেন একা। সেই দিন থেকেই মায়ের কোলছাড়া হন সোফিয়া।
রাহিমা খাতুনের কাছে সোফিয়া ছিলেন সবচেয়ে আদরের সন্তান। তাঁর আরও তিনটি সন্তান মারা গিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু কেন একজন বাবা তাঁর দুই বছরের শিশুকে এভাবে রেখে গিয়েছিলেন, সেই প্রশ্নের উত্তর আজও খুঁজে বেড়ান সোফিয়া। গ্রামের পথে কিংবা বাবার কবরের পাশে দাঁড়িয়েও তাঁর মনে সেই প্রশ্ন ফিরে আসে।

জীবনের দীর্ঘ পথ পেরিয়ে সোফিয়া এখন বুঝতে শিখেছেন, শুধু রক্তের সম্পর্কই কাউকে ঘর বা পরিবারের অনুভূতি দিতে পারে না। বাংলাদেশ তাঁর জন্মভূমি, আর সুইডেন তাঁর বেড়ে ওঠা ও জীবনের দেশ। দত্তক হওয়ার বেদনা, বর্ণবাদের অভিজ্ঞতা, হারিয়ে যাওয়া শেকড় এবং মাকে ফিরে পাওয়ার আনন্দ—সব মিলিয়েই তাঁর বর্তমান পরিচয়।
পরিবারের পুরোনো অ্যালবামে হয়তো তাঁর জন্য কোনো পূর্ণাঙ্গ জায়গা নেই। কিন্তু নিজের জীবনের গল্পে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন সোফিয়া। অর্ধশতাব্দী পর ডিএনএ পরীক্ষায় মাকে খুঁজে পাওয়ার এই ঘটনা শুধু হারানো সম্পর্ক ফিরে পাওয়ার গল্প নয়; এটি পরিচয়, গ্রহণযোগ্যতা ও শেকড়ের সন্ধানে এক নারীর দীর্ঘ লড়াইয়ের গল্প।
সূত্র: একাত্তর