দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় সরকার রুটিন টিকাদানের বাইরে অতিরিক্ত বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে। জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাসব্যাপী চলা এই কর্মসূচির আওতায় প্রায় ২ কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা হামের টিকা পাবে। বর্তমানে নিয়মিত কর্মসূচিতে ৯ মাস […]
ছবি: সংগৃহীত
দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় সরকার রুটিন টিকাদানের বাইরে অতিরিক্ত বিশেষ টিকাদান ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে। জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাসব্যাপী চলা এই কর্মসূচির আওতায় প্রায় ২ কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা হামের টিকা পাবে। বর্তমানে নিয়মিত কর্মসূচিতে ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হলেও, সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এবার বয়সসীমা আরও বাড়ানো হয়েছে।
সোমবার সকালে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ।
তিনি বলেন, দেশে হামের রুটিন টিকাদান কার্যক্রম চলমান থাকলেও বর্তমান সংক্রমণ মোকাবিলায় এই অতিরিক্ত বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বেশি ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতেই ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
ক্যাম্পেইন শুরুর আগে শিশুদের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী অভিভাবকদের জানিয়ে দেওয়া হবে কখন ও কোথায় টিকা দিতে হবে।
এ কর্মসূচিতে আন্তর্জাতিক জোট গ্যাভি প্রয়োজনীয় অর্থায়ন, টিকা ও লজিস্টিক সহায়তা দিচ্ছে। ইতোমধ্যে টিকা সরবরাহ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সিরিঞ্জসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম মাঠপর্যায়ে পৌঁছে যাবে।
ক্যাম্পেইন সফল করতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি মাইক্রোপ্ল্যানের মাধ্যমে কোন এলাকায় কতজন শিশুকে টিকার আওতায় আনা হবে, সে অনুযায়ী বিস্তারিত পরিকল্পনাও তৈরি করা হচ্ছে।