অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষাবলম্বন করছে না। বিষয়টি তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন। শনিবার দুপুরে ভোলার বালক সরকারি স্কুল মাঠে ‘ভোটের গাড়ি’ ক্যারাভান উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি আশা […]
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষাবলম্বন করছে না। বিষয়টি তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।
শনিবার দুপুরে ভোলার বালক সরকারি স্কুল মাঠে ‘ভোটের গাড়ি’ ক্যারাভান উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হবে।
তিনি বলেন, আসন্ন নির্বাচন বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ গত ১৫ বছরে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল ২০০৮ সালে।
মো. তৌহিদ হোসেন আরও বলেন, দেশের ৩০ বছরের নিচে বিপুলসংখ্যক তরুণ আজ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। তারা কখনোই একটি সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারেনি। এবারের নির্বাচনে প্রত্যেক নাগরিক যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।