সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

পরিবেশ
১:৫৮ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬

অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, দমকা হাওয়ার গতি ১৪৫ কিমি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও শক্তিশালী হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি ১৯ নভেম্বরের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর ২০ নভেম্বর দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এ সময় ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১২০ […]

অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’, দমকা হাওয়ার গতি ১৪৫ কিমি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও শক্তিশালী হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি ১৯ নভেম্বরের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর ২০ নভেম্বর দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এ সময় ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়াসহ তা ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আইএমডির বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সকাল সাড়ে ১১টার দিকে এটি দক্ষিণ ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিল। তখন ঝড়টির অবস্থান ছিল চেন্নাই থেকে প্রায় ৬০০ কিলোমিটার পূর্বে, অন্ধ্রপ্রদেশের মাচিলিপত্তনম থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং বিশাখাপত্তনম থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, ১৭ নভেম্বর সন্ধ্যার দিকে ঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ১৯ নভেম্বর সকালে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২০ নভেম্বর দুপুরের দিকে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে।

ভারতের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় ১৯ ও ২০ নভেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। কোথাও কোথাও অতিভারী বৃষ্টিও হতে পারে। এ ছাড়া ২০ ও ২১ নভেম্বর তেলেঙ্গানার কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেও ঝড়টির প্রভাবে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন ও ঝোড়ো হাওয়ার বিষয়ে সতর্কতা জারি রয়েছে।

বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের সমুদ্রও উত্তাল হয়ে উঠেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে।

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার এবং দমকা বা ঝোড়ো হাওয়াসহ তা ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠছে। ঝড়ের কেন্দ্রের আশপাশে সাগর খুবই উত্তাল রয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যা থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবারও এসব বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সূত্র: ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি), বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ঢাকা ট্রিবিউন

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ