নিউইয়র্কে গুরুতর অপরাধে জড়িত একাধিক অবৈধ অভিবাসীর তথ্য প্রকাশ করেছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। একই সঙ্গে সংস্থাটি অঙ্গরাজ্যটির আশ্রয়দাতা (স্যাংচুয়ারি) নীতির সমালোচনা করে দাবি করেছে, এসব নীতির কারণে অপরাধে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত অনেক অবৈধ অভিবাসীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বাধার সৃষ্টি হচ্ছে। আইস নিউইয়র্ক সিটি ফিল্ড অফিসের পরিচালক কেনেথ জেনালো এক বিবৃতিতে বলেন, […]
ছবি: সংগৃহীত
নিউইয়র্কে গুরুতর অপরাধে জড়িত একাধিক অবৈধ অভিবাসীর তথ্য প্রকাশ করেছে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। একই সঙ্গে সংস্থাটি অঙ্গরাজ্যটির আশ্রয়দাতা (স্যাংচুয়ারি) নীতির সমালোচনা করে দাবি করেছে, এসব নীতির কারণে অপরাধে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত অনেক অবৈধ অভিবাসীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বাধার সৃষ্টি হচ্ছে।
আইস নিউইয়র্ক সিটি ফিল্ড অফিসের পরিচালক কেনেথ জেনালো এক বিবৃতিতে বলেন, কিছু রাজনৈতিক সিদ্ধান্তের কারণে জননিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। তার অভিযোগ, আইন মেনে চলা নাগরিকদের নিরাপত্তার চেয়ে অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে জননিরাপত্তা নিশ্চিত করতে আইস তাদের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
সংস্থাটির প্রকাশিত তথ্যে বলা হয়েছে, জ্যামাইকা, এল সালভাদর, ইকুয়েডর ও হন্ডুরাস থেকে আসা কয়েকজন অবৈধ অভিবাসী হত্যা, ধর্ষণ, শিশু নির্যাতন ও যৌন সহিংসতার মতো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের অনেকেই বর্তমানে আইসের হেফাজতে রয়েছেন এবং বহিষ্কার প্রক্রিয়ার আওতায় আছেন।
আইসের দাবি, নিউইয়র্ক অঙ্গরাজ্য ও সিটির কিছু নীতির কারণে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এবং ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় সীমিত হয়ে পড়েছে। ফলে অনেক ক্ষেত্রে আইসের ডিটেইনার বা আটক সংক্রান্ত অনুরোধ কার্যকর করা সম্ভব হয় না এবং অভিযুক্ত ব্যক্তিরা মুক্তি পেয়ে যান।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারির পর থেকে আইসের ডিটেইনার অনুরোধ উপেক্ষিত হওয়ায় নিউইয়র্কে হাজার হাজার অপরাধে অভিযুক্ত বা দণ্ডপ্রাপ্ত অবৈধ অভিবাসী মুক্তি পেয়েছেন বলে দাবি করা হয়েছে। বর্তমানে নিউইয়র্কের বিভিন্ন কারাগারে থাকা বহু ব্যক্তির বিরুদ্ধেও আইসের সক্রিয় ডিটেইনার রয়েছে।
অন্যদিকে আশ্রয়দাতা নীতির সমর্থকদের দাবি, এসব নীতি অভিবাসী সম্প্রদায়ের সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর আস্থা ও সহযোগিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিষয়টি নিয়ে ফেডারেল ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই মতবিরোধ ও রাজনৈতিক বিতর্ক চলছে।