অবৈধভাবে জ্বালানি মজুতের বিরুদ্ধে সারা দেশে পরিচালিত অভিযানে গত ৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত মোট ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ সময় ১ হাজার ৫৩টি মামলা করা হয়েছে এবং ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ […]
ছবি: সংগৃহীত
অবৈধভাবে জ্বালানি মজুতের বিরুদ্ধে সারা দেশে পরিচালিত অভিযানে গত ৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত মোট ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। এ সময় ১ হাজার ৫৩টি মামলা করা হয়েছে এবং ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়, এই সময়ে মোট ৩ হাজার ১৬৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া জ্বালানির মধ্যে ডিজেলই ছিল সবচেয়ে বেশি, ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার। এছাড়া ২২ হাজার ৫৩৯ লিটার অকটেন এবং ৪৬ হাজার ১৪৬ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। অবৈধ মজুতের সঙ্গে জড়িতদের কাছ থেকে ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।
মনির হোসেন চৌধুরী জানান, জ্বালানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং অবৈধ মজুত রোধে এই অভিযান চলমান থাকবে।
এর আগে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের বিষয়ে তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় সরকার।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ এবং তদারকি জোরদার করা হয়েছে।
এছাড়া দেশের প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এসব টিমের সঙ্গে জনগণের যোগাযোগ সহজ করতে মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে। তেলের ডিপোগুলোর নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।