অ্যাপলের বিরুদ্ধে করা অ্যান্টিট্রাস্ট মামলা প্রত্যাহার করে নিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স করপোরেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান স্পেসএক্সএআই। গত বছর যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি ফেডারেল আদালতে করা মামলাটি প্রত্যাহারের মাধ্যমে অ্যাপলের সঙ্গে তাদের চলমান আইনি বিরোধের আপাতত অবসান হয়েছে। তবে একই ঘটনায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মাস্কের প্রতিষ্ঠানগুলোর আইনি লড়াই অব্যাহত রয়েছে। ১৪ সেপ্টেম্বর আদালতে […]
ছবি: সংগৃহীত
অ্যাপলের বিরুদ্ধে করা অ্যান্টিট্রাস্ট মামলা প্রত্যাহার করে নিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স করপোরেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান স্পেসএক্সএআই। গত বছর যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি ফেডারেল আদালতে করা মামলাটি প্রত্যাহারের মাধ্যমে অ্যাপলের সঙ্গে তাদের চলমান আইনি বিরোধের আপাতত অবসান হয়েছে। তবে একই ঘটনায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মাস্কের প্রতিষ্ঠানগুলোর আইনি লড়াই অব্যাহত রয়েছে।
১৪ সেপ্টেম্বর আদালতে দাখিল করা আবেদনে এক্স ও স্পেসএক্সএআই অ্যাপলের বিরুদ্ধে করা অভিযোগগুলো স্থায়ীভাবে খারিজের আবেদন জানায়। অ্যাপল এতে আপত্তি জানায়নি এবং আদালতও আবেদনটি মঞ্জুর করেছে।
তবে কেন মামলা প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে আবেদনে কোনো কারণ উল্লেখ করা হয়নি। অ্যাপলের সঙ্গে কোনো সমঝোতা বা আর্থিক চুক্তি হয়েছে কি না, তাও প্রকাশ করা হয়নি। ফলে দুই পক্ষের আইনি বিরোধ কীভাবে বা কেন শেষ হলো, তা এখনো স্পষ্ট নয়।
মামলার মূল অভিযোগ ছিল, আইফোন, আইপ্যাডসহ অ্যাপলের বিভিন্ন ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধার সঙ্গে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি একীভূত করার মাধ্যমে প্রতিদ্বন্দ্বী এআই সেবাগুলোর জন্য অসম প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা হয়েছে।
এক্স ও স্পেসএক্সএআইয়ের দাবি ছিল, চ্যাটজিপিটি যেভাবে সিরি ও অ্যাপলের অন্যান্য এআই সুবিধার সঙ্গে যুক্ত হয়েছে, সেই সুবিধা মাস্কের প্রতিষ্ঠানগুলোর এআই চ্যাটবট গ্রক পাচ্ছে না। এতে ওপেনএআই এআই চ্যাটবটের বাজারে বাড়তি সুবিধা পেয়েছে এবং গ্রকসহ প্রতিদ্বন্দ্বী সেবাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল।
অ্যাপল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেছিল, চ্যাটজিপিটির সঙ্গে তাদের অংশীদারত্ব একচেটিয়া নয়। ভবিষ্যতে অন্যান্য জেনারেটিভ এআই চ্যাটবটের সঙ্গেও কাজ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
অন্যদিকে ওপেনএআইও অ্যাপলের সঙ্গে এক্স ও স্পেসএক্সএআইয়ের কোনো চুক্তিতে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির আইনজীবীরা আদালতে জানিয়েছিলেন, অ্যাপল ও মাস্কের প্রতিষ্ঠানগুলোর মধ্যে কী ধরনের সমঝোতা হয়েছে, তা তারা জানেন না। মামলার প্রতিরক্ষায় ওই চুক্তির শর্ত গুরুত্বপূর্ণ হতে পারে দাবি করে চুক্তিসংক্রান্ত নথি দেখার অনুরোধও জানিয়েছিল ওপেনএআই।
অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেও ওপেনএআইয়ের সঙ্গে মাস্কের প্রতিষ্ঠানগুলোর আইনি বিরোধ এখনো চলমান।
এই বিরোধের পেছনে রয়েছে এআই খাতে দুই পক্ষের দীর্ঘদিনের প্রতিযোগিতা। ইলন মাস্ক ২০১৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি প্রতিষ্ঠানটি থেকে সরে গিয়ে নিজস্ব এআই কোম্পানি এক্সএআই প্রতিষ্ঠা করেন।
বর্তমানে এক্সএআইয়ের এআই চ্যাটবট গ্রক সরাসরি ওপেনএআইয়ের চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতা করছে। ফলে অ্যাপলের ডিভাইসে চ্যাটজিপিটির একীভূতকরণ এবং প্রতিদ্বন্দ্বী এআই সেবাগুলোর জন্য সমান সুযোগের বিষয়টি মাস্ক ও ওপেনএআইয়ের বৃহত্তর আইনি ও ব্যবসায়িক বিরোধের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে।