সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৪৬ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬

জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

ভারতীয় ইসলামি বক্তা ড. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৩ নভেম্বর) জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন আদেশ অনুযায়ী, সরকারি গেজেটে প্রকাশের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেআইনি কার্যকলাপ […]

জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতীয় ইসলামি বক্তা ড. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৩ নভেম্বর) জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। নতুন আদেশ অনুযায়ী, সরকারি গেজেটে প্রকাশের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-এর ৩ ধারার উপধারা ১ ও ৩ অনুযায়ী নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। আগের নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সালের ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আইআরএফের কর্মকাণ্ড দেশটির নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। এসব কর্মকাণ্ডের কারণে দেশের শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষ কাঠামো বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, আইআরএফ এবং এর সদস্যরা, বিশেষ করে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. জাকির আবদুল করিম নায়েক, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে অনুসারীদের উৎসাহিত ও সহায়তা করছেন বলে অভিযোগ রয়েছে।

মন্ত্রণালয়ের অভিযোগ, জাকির নায়েকের বক্তব্য ও বিবৃতি আপত্তিকর এবং উসকানিমূলক। আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট, মুদ্রিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তিনি বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে উগ্র বার্তা পৌঁছে দিয়েছেন। এসব বক্তব্য ভারত ও বিদেশের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে উৎসাহিত করেছে বলেও দাবি করেছে কর্তৃপক্ষ।

আদেশে আরও সতর্ক করা হয়েছে, আইআরএফের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা না হলে সংগঠনটির আত্মগোপনে থাকা কর্মীরা আবার সংগঠিত হতে পারে। পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড, ভারতবিরোধী মনোভাব ছড়ানো এবং সশস্ত্র তৎপরতায় সমর্থন দেওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

১৯৯১ সালের ফেব্রুয়ারিতে ভারতের মুম্বাইয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন ড. জাকির নায়েক। পরবর্তী সময়ে তিনি ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান। ভারতীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর অভিযোগ, তাঁর বক্তব্যের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ছড়ানো হয়েছে।

এর আগে ২০১৬ সালের ১৭ নভেম্বর প্রথমবারের মতো পাঁচ বছরের জন্য আইআরএফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০২১ সালের ১৫ নভেম্বর সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। এবার আগের মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন আদেশ জারি করে নিষেধাজ্ঞা আবারও পাঁচ বছরের জন্য বহাল রাখল দেশটি।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ