২০২৭ সালে আইফোন বাজারে আসার ২০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ নকশার একটি প্রো মডেল আনতে পারে অ্যাপল। ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গুরম্যানের তথ্য অনুযায়ী, সম্পূর্ণ কাচের আইফোন তৈরির পরিকল্পনা বাদ দেওয়া হলেও কাচকে প্রাধান্য দেওয়া নতুন ডিজাইনের কাজ এখনো চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এর আগে জেফরিসের বিশ্লেষক এডিসন লি দাবি করেছিলেন, আইফোনের ২০তম বার্ষিকী উপলক্ষে সম্পূর্ণ […]
ছবি: সংগৃহীত
২০২৭ সালে আইফোন বাজারে আসার ২০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ নকশার একটি প্রো মডেল আনতে পারে অ্যাপল। ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গুরম্যানের তথ্য অনুযায়ী, সম্পূর্ণ কাচের আইফোন তৈরির পরিকল্পনা বাদ দেওয়া হলেও কাচকে প্রাধান্য দেওয়া নতুন ডিজাইনের কাজ এখনো চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এর আগে জেফরিসের বিশ্লেষক এডিসন লি দাবি করেছিলেন, আইফোনের ২০তম বার্ষিকী উপলক্ষে সম্পূর্ণ কাচের ডিভাইস তৈরির পরিকল্পনা অ্যাপল বাতিল করেছে। তবে গুরম্যানের তথ্য বলছে, পরিকল্পনাটি পুরোপুরি বাদ পড়েনি। বরং সম্পূর্ণ কাচের বদলে কাচনির্ভর একটি নকশার দিকে এগোচ্ছে অ্যাপল।
প্রস্তাবিত নকশায় আইফোন প্রো মডেলের সামনের ও পেছনের অংশে কাচের স্তর থাকবে। এই কাচ ডিভাইসের পাশের প্রান্ত পর্যন্ত বিস্তৃত হবে। দুই কাচের স্তরের মাঝখানে সরু ধাতব রিং বা ব্যান্ড রাখা হতে পারে।
নতুন এই নকশা বাস্তবায়িত হলে বর্তমান আইফোনের তুলনায় ডিভাইসটির বাহ্যিক গঠনে বড় পরিবর্তন দেখা যেতে পারে। অ্যাপলের অভ্যন্তরীণ নথিতে সম্ভাব্য ডিভাইস দুটির কোডনেম হিসেবে ‘ভি৭৩’ ও ‘ভি৭৪’ ব্যবহারের তথ্যও পাওয়া গেছে।
গুরম্যানের মতে, পুরোপুরি কাচের আইফোন তৈরির ধারণাটি নকশা উন্নয়নের প্রাথমিক পর্যায়েই বাদ দেওয়া হয়েছিল। তবে কাচের ব্যবহার বাড়িয়ে নতুন ধরনের প্রিমিয়াম ডিজাইন তৈরির উদ্যোগ এখনো বহাল রয়েছে।
২০০৭ সালে প্রথম আইফোন উন্মোচন করেছিল অ্যাপল। সেই হিসাবে ২০২৭ সালে ডিভাইসটির দুই দশক পূর্ণ হবে। তাই বিশেষ বার্ষিকী উপলক্ষে নতুন আইফোনে উল্লেখযোগ্য নকশাগত পরিবর্তনের প্রত্যাশা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
নতুন ডিজাইনটি বাস্তবে এলে প্রচলিত ধাতব ফ্রেমের ব্যবহার কমিয়ে বাঁকানো কাচের ব্যবহার বাড়তে পারে। এর মাধ্যমে সাম্প্রতিক কয়েক বছরের তুলনায় আইফোনের বাহ্যিক নকশায় সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি দেখা যেতে পারে।
তবে ২০২৭ সালের আইফোনের নকশা বা এ-সংক্রান্ত পরিকল্পনা নিয়ে অ্যাপলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
তথ্যসূত্র: ব্লুমবার্গ