সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
৪:৪৮ অপরাহ্ন, ৩১ জানুয়ারি ২০২৬

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য অ্যাপলের নতুন নিরাপত্তা ফিচার

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় নতুন একটি নিরাপত্তা সুবিধা চালু করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ‘লিমিট প্রিসাইস লোকেশন’ নামের এই ফিচার চালু হলে মোবাইল অপারেটররা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে পারবে না, ফলে ব্যবহারকারীদের গোপনীয়তা আরও শক্তভাবে সুরক্ষিত থাকবে। অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সুবিধা সক্রিয় থাকলে আইফোন ও সেলুলার সুবিধাসম্পন্ন আইপ্যাড থেকে […]

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য অ্যাপলের নতুন নিরাপত্তা ফিচার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় নতুন একটি নিরাপত্তা সুবিধা চালু করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ‘লিমিট প্রিসাইস লোকেশন’ নামের এই ফিচার চালু হলে মোবাইল অপারেটররা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে পারবে না, ফলে ব্যবহারকারীদের গোপনীয়তা আরও শক্তভাবে সুরক্ষিত থাকবে।

অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সুবিধা সক্রিয় থাকলে আইফোন ও সেলুলার সুবিধাসম্পন্ন আইপ্যাড থেকে মোবাইল নেটওয়ার্ক অপারেটরের কাছে পাঠানো লোকেশন তথ্য আগের মতো নির্ভুল থাকবে না। ব্যবহারকারী ঠিক কোথায় অবস্থান করছেন, তার পরিবর্তে আশপাশের এলাকার একটি আনুমানিক অবস্থান তথ্যই শেয়ার করা হবে। এর ফলে সাইবার অপরাধী কিংবা অন্য কোনো পক্ষের জন্য কারও অবস্থান নিখুঁতভাবে অনুসরণ করা অনেক বেশি কঠিন হয়ে পড়বে।

তবে অ্যাপল স্পষ্ট করেছে, এই ফিচার চালু থাকলেও বিভিন্ন অ্যাপের সঙ্গে শেয়ার করা লোকেশন তথ্য নির্ভুলভাবেই কাজ করবে। একইভাবে জরুরি ফোনকলের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফার্স্ট রেসপন্ডার সংস্থাগুলো প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারীর সঠিক অবস্থান তথ্য পাবে। অর্থাৎ জরুরি সেবা ব্যবস্থায় কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না।

বর্তমানে আইওএস ২৬.৩ অপারেটিং সিস্টেমে চালিত আইফোন এয়ার, আইফোন ১৬ই এবং আইপ্যাড প্রো (এম৫) মডেলের ওয়াই-ফাই ও সেলুলার সংস্করণে এই সুবিধা ব্যবহার করা যাচ্ছে। প্রাথমিকভাবে জার্মানির টেলিকম, থাইল্যান্ডের এআইএস ও ট্রু, যুক্তরাজ্যের ইই ও বিটি এবং যুক্তরাষ্ট্রের বুস্ট মোবাইলসহ কয়েকটি নির্বাচিত মোবাইল অপারেটরের নেটওয়ার্কে এই ফিচার চালু করা হয়েছে।

নতুন এই সুবিধা চালুর নির্দিষ্ট কারণ অ্যাপল প্রকাশ না করলেও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এটি ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় একটি বড় অগ্রগতি। সিটিজেন ল্যাবের গবেষক ও মোবাইল নিরাপত্তা বিশেষজ্ঞ গ্যারি মিলার জানান, সাধারণত মোবাইল অপারেটররা ফোনের অবস্থান আনুমানিকভাবে নির্ধারণ করতে পারে, তবে সেই তথ্য আরও নির্ভুল করতে ব্যবহারকারীর ডিভাইস থেকেই অবস্থান সংক্রান্ত তথ্য পাঠানো হয়। বেশির ভাগ ব্যবহারকারীই জানেন না যে অ্যাপের বাইরেও তাঁদের ডিভাইস থেকে অবস্থানের তথ্য শেয়ার হতে পারে।

তিনি আরও বলেন, এতদিন অ্যাপ পর্যায়ে জিপিএস লোকেশন নিয়ন্ত্রণ করা গেলেও নেটওয়ার্ক পর্যায়ে সুনির্দিষ্ট অবস্থান শেয়ার পুরোপুরি সীমিত করার সুযোগ ছিল না। সে দিক থেকে অ্যাপলের এই নতুন উদ্যোগ ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: টেকক্রাঞ্চ

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ