সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
১:২৯ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা নিয়ে ইইউর সুনির্দিষ্ট অবস্থান নেই: রাষ্ট্রদূত মাইকেল মিলার

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ওপর আরোপিত বিধিনিষেধ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সুনির্দিষ্ট কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) আয়োজনে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাইকেল মিলার জানান, আগামী বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে আরও শক্তিশালী […]

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা নিয়ে ইইউর সুনির্দিষ্ট অবস্থান নেই: রাষ্ট্রদূত মাইকেল মিলার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ওপর আরোপিত বিধিনিষেধ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সুনির্দিষ্ট কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) আয়োজনে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাইকেল মিলার জানান, আগামী বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে আরও শক্তিশালী কৌশলগত সহযোগিতা গড়ে তুলতে উচ্চাভিলাষী কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইইউ। অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক ইমরুল কায়েস সঞ্চালনা করেন। এতে ইইউ প্রতিনিধি দলের উপপ্রধান বাইবা জারিনাও উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা নিয়ে এক প্রশ্নের জবাবে ইইউ রাষ্ট্রদূত বলেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি মনে করেন। তবে যেকোনো ধরনের অস্থিরতা মোকাবিলায় আনুপাতিক ও পরিমিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রথাগত দাতা-গ্রহীতা সম্পর্কের বাইরে গিয়ে বাণিজ্য, বিনিয়োগ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, অভিবাসন, যোগাযোগ ও নিরাপত্তাসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পরিকল্পনার কথাও তুলে ধরেন মাইকেল মিলার।

বাণিজ্য ও কৌশলগত অংশীদারত্বের বিষয়ে তিনি জানান, আগামী বছরের জুনে ইইউ নেতাদের সঙ্গে বৈঠক করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রাসেলস সফরের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এ ছাড়া সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে প্রাথমিক সরাসরি আলোচনা করতে আগামী ডিসেম্বরে বাংলাদেশকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছে ইইউ। এটিকে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গভীর করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

মাইকেল মিলার বলেন, ‘আমরা এখন একটি মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাব্যতা ও পরিধি যাচাই করছি।’ ভবিষ্যতে এ ধরনের চুক্তি হলে তাতে ভারসাম্যপূর্ণ অঙ্গীকার, পারস্পরিকতা, উভয় পক্ষের সুবিধা এবং বাস্তবায়নযোগ্য বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে বলে জানান তিনি। পাশাপাশি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে শ্রম অধিকার, পরিবেশ সুরক্ষা ও সুশাসন গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকবে বলেও উল্লেখ করেন।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর অগ্রাধিকারমূলক বাজার সুবিধায় পরিবর্তন আসবে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান ইইউ রাষ্ট্রদূত। তিনি সতর্ক করে বলেন, শ্রম ব্যয় বৃদ্ধি এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে ইইউর মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধা বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। বিশেষ করে তৈরি পোশাক খাত এ ঝুঁকিতে পড়তে পারে।

উত্তরণের প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের জন্য ছয় বছর মানে চোখের পলক ফেলার মতো সময়।’ এলডিসি উত্তরণ মসৃণ করতে প্রস্তুতিমূলক সময়সীমা বাড়ানোর পক্ষে ইইউ সমর্থন দিলেও এর বিনিময়ে দৃশ্যমান সংস্কার এবং বেসরকারি খাতের জোরালো সম্পৃক্ততা প্রত্যাশা করে বলে জানান তিনি।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে যৌথভাবে আগামী ৫ ও ৬ এপ্রিল ঢাকায় বাংলাদেশ-ইইউ ব্যবসা ও বিনিয়োগ ফোরাম আয়োজনের পরিকল্পনার কথাও জানান রাষ্ট্রদূত। এতে তৈরি পোশাক, চামড়া, কৃষি-ব্যবসা, লজিস্টিকস ও যোগাযোগ খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

ইইউর ‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগের আওতায় বাংলাদেশের পরিবহন, জ্বালানি, ডিজিটাল অবকাঠামো ও লজিস্টিকস খাতে সহযোগিতা বাড়ছে বলেও উল্লেখ করেন মাইকেল মিলার। এ ক্ষেত্রে চট্টগ্রামের লালদিয়া গ্রিন কনটেইনার টার্মিনাল, রেলওয়ের আধুনিকায়ন এবং দেশের প্রথম বৈদ্যুতিক রেল প্রকল্পকে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধির উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।

রোহিঙ্গা সংকটের বিষয়ে মিয়ানমারে তাঁদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের প্রতি ইইউর সমর্থন পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত। তিনি জানান, ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের জন্য ৫০ কোটি ইউরোর বেশি মানবিক সহায়তা দিয়েছে ইইউ। এর মধ্যে ২০২৬ সালে দেওয়া হয়েছে ৩ কোটি ১৫ লাখ ইউরো। পাশাপাশি কক্সবাজারে ৫ কোটি ইউরোর উন্নয়ন সহযোগিতা কার্যক্রম চলমান রয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়ের প্রসঙ্গ তুলে মাইকেল মিলার বলেন, রোহিঙ্গাদের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার প্রচেষ্টায় ইইউ সহায়তা করেছে। এর মধ্যে আদালতে রোহিঙ্গাদের সাক্ষ্য দেওয়ার প্রক্রিয়া সহজ করার বিষয়টিও রয়েছে। বাংলাদেশের নতুন রোহিঙ্গা কৌশল এবং এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব ভাগাভাগি অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিশ্বজুড়ে অনিশ্চয়তা বাড়ার প্রেক্ষাপটে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন—উভয় পক্ষেরই নির্ভরযোগ্য অংশীদার প্রয়োজন বলে মন্তব্য করেন মাইকেল মিলার। তাঁর মতে, দুই পক্ষের সম্পর্ক ক্রমেই প্রথাগত সহযোগিতার গণ্ডি ছাড়িয়ে রাজনৈতিক ও কৌশলগত অংশীদারত্বের দিকে এগোচ্ছে।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ