সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:১৯ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ

ভারত থেকে বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও নতুন করে সহিংসতার ঘটনার মধ্যে এ বক্তব্য দিয়েছেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, ২০২৪ সালে […]

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ভারত থেকে বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও নতুন করে সহিংসতার ঘটনার মধ্যে এ বক্তব্য দিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে শেখ হাসিনা সেখানেই অবস্থান করছেন। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের চেষ্টা চালাচ্ছে ঢাকা। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নয়াদিল্লি তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে আশা করছে সরকার।

শামা ওবায়েদ বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হবেন। তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান জানাক এবং একজন দণ্ডিত আসামি হিসেবে তাকে বাংলাদেশের কাছে ফেরত দিক। এরপর আইন তার নিজস্ব গতিতে চলবে। তাকে বিচারের মুখোমুখি হতে হবে।’

গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে।

বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে তার দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে। এরপর তার রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই আন্দোলন ও সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন।

২০২৪ সালের আগস্টে পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে শেখ হাসিনা ঢাকা ছেড়ে ভারতে চলে যান। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সরকার তার আবেদন প্রত্যাখ্যান করেছে।

শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে আওয়ামী লীগের সমর্থকেরাও রাজপথে সক্রিয় হয়েছেন। চলতি মাসে দলটি এক সপ্তাহের বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। ১৯ নভেম্বর দেশজুড়ে সর্বাত্মক অবরোধের মধ্য দিয়ে ওই কর্মসূচি শেষ হয়।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় কয়েক ডজন ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

এসব সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া’ দলের টিকে থাকার কৌশল বলে মন্তব্য করেন শামা ওবায়েদ। তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত থেকে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থ অক্ষুণ্ন রেখে দুই দেশের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় ঢাকা। বাংলাদেশের বিষয়ে ভারত কী ধরনের পররাষ্ট্রনীতি অনুসরণ করবে, সে সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ। সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাকাণ্ড ও যৌন সহিংসতার ঘটনাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত গণহত্যা হিসেবে উল্লেখ করে রায় দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তবে আইসিজের রায়ের সমালোচনা করেছে মিয়ানমার। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি অনুকূলে এলেই কেবল রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সম্ভব হবে।

তথ্যসূত্র: রয়টার্স

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ