সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
২:১২ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপানি প্রতিষ্ঠান, চুক্তি ১৫ বছরের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ১৫ বছরের জন্য পাচ্ছে জাপানি একটি কনসোর্টিয়াম। এ লক্ষ্যে জাপানি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কনসেশন চুক্তি করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। চুক্তি অনুযায়ী, অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার বা প্রায় ১০০ কোটি টাকা পাবে বাংলাদেশ। পাশাপাশি যাত্রী ও কার্গো পরিবহনের রাজস্ব থেকেও নির্ধারিত অংশ পাবে সরকার। সোমবার […]

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপানি প্রতিষ্ঠান, চুক্তি ১৫ বছরের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ১৫ বছরের জন্য পাচ্ছে জাপানি একটি কনসোর্টিয়াম। এ লক্ষ্যে জাপানি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কনসেশন চুক্তি করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। চুক্তি অনুযায়ী, অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার বা প্রায় ১০০ কোটি টাকা পাবে বাংলাদেশ। পাশাপাশি যাত্রী ও কার্গো পরিবহনের রাজস্ব থেকেও নির্ধারিত অংশ পাবে সরকার।

সোমবার (২৩ নভেম্বর) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ চুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সুমিতোমো করপোরেশনের নেতৃত্বাধীন জাপানি কনসোর্টিয়ামে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন, নিপ্পন কোয়েই ও সোজিতজ করপোরেশনসহ দেশটির সরকারি-বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠান। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে চুক্তিটি বাস্তবায়ন করা হবে।

চুক্তির শর্ত অনুযায়ী, যাত্রী পরিবহনের মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ ডলার পাবে বাংলাদেশ। কার্গো পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি মেট্রিক টনে ১১ দশমিক ৫ ডলার দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া এমবারকেশন ফি বাবদ যাত্রীপ্রতি ১২ দশমিক ৫ ডলার দেওয়ার শর্ত রাখা হয়েছে। বর্তমানে এই ফি স্থানীয় মুদ্রায় ৫০০ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে জাপানি কনসোর্টিয়াম আর্থিক প্রস্তাব জমা দেওয়ার পর ইনভেস্ট বাংলাদেশ তা যাচাই-বাছাই করে দর-কষাকষি সম্পন্ন করে। পরে প্রস্তাবিত চুক্তিটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং এবং অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের মতামত নিয়ে চূড়ান্ত করা হয়।

চুক্তিতে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার বিষয়েও শর্ত রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পরিচালনা করবে। প্রকল্পটি হস্তান্তরের পর ১৪ মাসের মধ্যে তৃতীয় টার্মিনালের পূর্ণাঙ্গ পরিচালন কার্যক্রম চালু করতে হবে।

তবে চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, তৃতীয় টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। পাশাপাশি চুক্তির ১৫ বছর মেয়াদে শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর চালু করা যাবে না।

তবে হজ, চার্টার্ড ফ্লাইট, কম খরচের বিমান সংস্থা বা বাজেট এয়ারলাইনস এবং অভ্যন্তরীণ রুটের ফ্লাইট প্রথম ও দ্বিতীয় টার্মিনাল থেকেই পরিচালিত হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনালের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা প্রায় ৮০ লাখ। তৃতীয় টার্মিনাল চালু হলে এর সঙ্গে আরও ১ কোটি ২০ লাখ যাত্রীর ধারণক্ষমতা যুক্ত হবে। ফলে বিমানবন্দরটির মোট বার্ষিক যাত্রী পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২২ হাজার ২১৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা। ২০১৬ সালের ১ জুলাই শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ