আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বিলটি কণ্ঠভোটে অনুমোদন পায়। সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি বা সত্তা—অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠন—সন্ত্রাসে জড়িত বলে বিবেচিত হলে সরকার তার কার্যক্রম নিষিদ্ধ করতে পারবে। একই […]
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বিলটি কণ্ঠভোটে অনুমোদন পায়। সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ।
সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি বা সত্তা—অর্থাৎ রাজনৈতিক দল বা সংগঠন—সন্ত্রাসে জড়িত বলে বিবেচিত হলে সরকার তার কার্যক্রম নিষিদ্ধ করতে পারবে। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠন বা দলের প্রচার অনলাইনসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও করা যাবে না। নিষিদ্ধ কোনো সংগঠনকে অর্থ, আশ্রয় বা সহায়তা করলে শাস্তি আরও কঠোর হবে।
বিল উত্থাপনের সময় বলা হয়, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে কোনো সত্তার সব কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে স্পষ্ট বিধান ছিল না। সেই ঘাটতি পূরণ করতেই ২০২৫ সালের সংশোধনী অধ্যাদেশকে আইনে রূপ দেওয়া হয়েছে। ওই অধ্যাদেশের ভিত্তিতেই আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল।
তৎকালীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ১১ মে সংশোধনী অধ্যাদেশ জারি করে এবং পরদিন গেজেট প্রকাশের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে। পরে সেই অধ্যাদেশই সংসদে বিল আকারে পাস হলো।
সংসদে বিলটি পাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার আইনি ভিত্তি আরও শক্ত হলো বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।