আগামী ৯৬ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সারাদেশের জন্য জরুরি সতর্কবার্তাও জারি করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় […]
প্রতীকী ছবি
আগামী ৯৬ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সারাদেশের জন্য জরুরি সতর্কবার্তাও জারি করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এই ঝড়ের প্রবণতা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতি ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে সিলেটে গত ২৪ ঘণ্টায় ১৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বৃষ্টিপাত হিসেবে বিবেচিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
রাজধানী ঢাকায় অতি ভারী বর্ষণের পূর্বাভাস না থাকলেও আগামী কয়েকদিন প্রতিদিনই বৃষ্টি হতে পারে। কখনো হালকা, আবার কখনো মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কালবৈশাখী নিয়ে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাত ও বিদ্যুৎ চমকানোরও আশঙ্কা রয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দেশের আট বিভাগের অনেক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই সময় বজ্রপাত ও ঝড়ের ঝুঁকি বেশি থাকায় সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে খোলা জায়গা, নদী ও পাহাড়ি এলাকায় অবস্থানকারীদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।