দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। প্রতি লিটারে ২ টাকা কমিয়ে ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে এই নতুন দামে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন বিক্রি শুরু হয়েছে। বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। […]
ছবি: সংগৃহীত
দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। প্রতি লিটারে ২ টাকা কমিয়ে ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে এই নতুন দামে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন বিক্রি শুরু হয়েছে।
বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে। সংশোধিত প্রাইসিং ফর্মুলা অনুযায়ী জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতেই এই মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জানুয়ারি মাসের জন্য ডিজেলের দাম প্রতি লিটার ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে কেরোসিনের দাম প্রতি লিটার ১১৬ টাকা থেকে কমিয়ে ১১৪ টাকা করা হয়েছে। অকটেনের দাম প্রতি লিটার ১২৪ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা এবং পেট্রোলের দাম ১২০ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত নতুন মূল্য আজ থেকেই দেশের সব ডিপো ও খুচরা পর্যায়ে কার্যকর হয়েছে।
জ্বালানি তেলের দাম কমায় পরিবহন খাতসহ সামগ্রিক অর্থনীতিতে কিছুটা ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নিত্যপণ্যের পরিবহন ব্যয় কমার মাধ্যমে বাজারে স্বস্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।
এর আগে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালুর পর থেকে প্রতি মাসে বিশ্ববাজারের দামের সঙ্গে মিল রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করে আসছে সরকার।