সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:২৫ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আসনপ্রতি গড় ব্যয় সাড়ে ১০ কোটি টাকা: দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ গতকাল সম্পন্ন হয়েছে। যদিও এখনো চূড়ান্ত ব্যয়ের হিসাব প্রকাশ হয়নি, তবে নির্বাচন পরিচালনা, প্রশিক্ষণ, ব্যালট ছাপানো, লজিস্টিক সহায়তা, পরিবহন, আইন-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত জনবল মোতায়েন, প্রযুক্তি ব্যবস্থার সম্প্রসারণ, গণভোট আয়োজন এবং পোস্টাল ব্যালট ব্যবস্থাপনার কারণে এবারের নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল হয়ে উঠেছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ব্যয় প্রাথমিকভাবে […]

আসনপ্রতি গড় ব্যয় সাড়ে ১০ কোটি টাকা: দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ গতকাল সম্পন্ন হয়েছে। যদিও এখনো চূড়ান্ত ব্যয়ের হিসাব প্রকাশ হয়নি, তবে নির্বাচন পরিচালনা, প্রশিক্ষণ, ব্যালট ছাপানো, লজিস্টিক সহায়তা, পরিবহন, আইন-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত জনবল মোতায়েন, প্রযুক্তি ব্যবস্থার সম্প্রসারণ, গণভোট আয়োজন এবং পোস্টাল ব্যালট ব্যবস্থাপনার কারণে এবারের নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল হয়ে উঠেছে।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ব্যয় প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ১৫০ কোটি টাকা। এর মধ্যে নির্বাচন কমিশনের পরিচালন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০০ কোটি টাকা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা। এছাড়া গণভোট, পোস্টাল ব্যালট ও অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাস্তবে পরিচালন ব্যয় আরও বাড়তে পারে। তবে সর্বোচ্চ ব্যয় আড়াই হাজার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।

সংশ্লিষ্টদের মতে, এবারের নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজন এবং প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট চালু করায় ব্যয় স্বাভাবিকভাবেই বেড়েছে। নির্বাচন কমিশনের বাজেট ও ফাইন্যান্স শাখার এক কর্মকর্তা জানান, এখনো প্রায় নয় লাখ গভর্নমেন্ট অর্ডার (জিও) বিভিন্ন মন্ত্রণালয় ও জেলা পর্যায়ের দপ্তর থেকে এসে জমা হয়নি, ফলে পূর্ণাঙ্গ হিসাব তৈরি হয়নি। তবে এখন পর্যন্ত মোট ব্যয় ২ হাজার ২০০ কোটি টাকার বেশি হয়নি, যদিও শেষ পর্যন্ত তা আরও বাড়বে।

নির্বাচন কমিশন ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে দুই ধাপে অর্থ বরাদ্দ দেওয়া হয়। প্রথম ধাপে ২ হাজার ৮০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে ১ হাজার ৭০ কোটি টাকা। দ্বিতীয় ধাপের বরাদ্দে দৈনিক ভাতা, যন্ত্রপাতি ও সরঞ্জাম ভাড়া, প্রচার ও বিজ্ঞাপন ব্যয়, যানবাহন, প্রশিক্ষণ, মুদ্রণ, ব্যালট বাক্স, স্ট্যাম্প, সম্মানী, শ্রমিক মজুরি এবং পরিবহন ব্যয়সহ নানা খাত অন্তর্ভুক্ত ছিল। এছাড়া প্রথমবারের মতো প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ ব্যয় হয়েছে। প্রবাসীদের জন্য প্রতিটি পোস্টাল ব্যালটে ব্যয় হয়েছে প্রায় ৭০০ টাকা এবং অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে ব্যয় হয়েছে ২৩ টাকা।

এবারের নির্বাচনে মোট ব্যয় বিবেচনায় আসনপ্রতি গড় ব্যয় দাঁড়াচ্ছে সাড়ে ১০ কোটি টাকা। তুলনায়, আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনপ্রতি গড় ব্যয় ছিল ৭ কোটি টাকার কিছু বেশি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এবারের নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে নিরাপত্তা, প্রযুক্তি ও লজিস্টিক ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে অতীতের তুলনায় ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে এ ধরনের ব্যয় অনিবার্য।

এবারের নির্বাচনে ভোটার সংখ্যাও দেশের ইতিহাসে সর্বোচ্চ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

এর আগে, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় হয়েছিল ২ হাজার ২৭৬ কোটি টাকা। ২০১৮ সালের একাদশ নির্বাচনে আইন-শৃঙ্খলা ও নির্বাচন পরিচালনায় বরাদ্দ ছিল ৭০০ কোটি টাকা। ২০১৪ সালের দশম নির্বাচনে মোট ব্যয় ছিল প্রায় ২৬৪ কোটি ৬৮ লাখ টাকা, আর ২০০৮ সালের নবম নির্বাচনে ব্যয় হয় ১৬৫ কোটি টাকা। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মোট ব্যয় ছিল ৭২ কোটি ৭১ লাখ টাকা।

সব মিলিয়ে, ভোটার সংখ্যা, প্রযুক্তির ব্যবহার, নিরাপত্তা ব্যবস্থা এবং গণভোটসহ বহুমাত্রিক আয়োজনের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ