যুক্তরাষ্ট্রের চাপ ও নানা হুমকি সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করবে না ইরান। একই সঙ্গে দেশটির মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়ামও অন্য কোনো দেশ বা পক্ষের কাছে হস্তান্তর করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির একটি অপরিহার্য অংশ। […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের চাপ ও নানা হুমকি সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করবে না ইরান। একই সঙ্গে দেশটির মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়ামও অন্য কোনো দেশ বা পক্ষের কাছে হস্তান্তর করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি।
বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির একটি অপরিহার্য অংশ। আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা বিধি এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির কাঠামোর মধ্যেই ইরান এই কার্যক্রম পরিচালনা করছে বলে দাবি করেন তিনি। খবর আলজাজিরার।
ইসলামি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে, ভবিষ্যৎ আলোচনার এজেন্ডায় সমৃদ্ধকরণ কার্যক্রমের বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত। তবে ইরানের অবস্থান হলো, সমৃদ্ধকরণ তাদের পরমাণু কর্মসূচির একটি অবিচ্ছেদ্য অংশ।
তিনি বলেন, ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি অপরিহার্য বিষয়। এটি ইরানের পারমাণবিক কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ।’ তাই এ কার্যক্রম বন্ধ করা বা এ বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বলেও তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।
ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র নিজস্ব জাতীয় উন্নয়ন, নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতির ক্ষেত্রেও পরমাণু প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে আসছে। ফলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে মার্কিন পক্ষ থেকে যেসব দাবি ও বক্তব্য দেওয়া হচ্ছে, সেগুলোর অনেকটাই বিভ্রান্তিকর এবং মিথ্যা।
তার ভাষায়, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে যে প্রশ্ন তোলা হচ্ছে, তা দেশটির পরমাণু প্রযুক্তির অধিকারকে খর্ব করার প্রচেষ্টার অংশ।
ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনসহ বেসামরিক প্রয়োজনে পরমাণু প্রযুক্তি ব্যবহারের অধিকার দেশটির রয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণও সেই কর্মসূচির বৈধ অংশ বলে দাবি করে আসছে তেহরান।
অন্যদিকে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা, মজুত এবং এর ব্যবহার নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থানের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে।
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই মোহাম্মদ ইসলামির সর্বশেষ বক্তব্য সামনে এলো। তার বক্তব্য অনুযায়ী, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা কিংবা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো পক্ষের কাছে হস্তান্তরের বিষয়ে ইরান আপস করতে প্রস্তুত নয়।