ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের কোটামোবাগু শহরে ড্র্যাগ রেসিং প্রতিযোগিতায় ভয়াবহ দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। প্রতিযোগিতা চলাকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের ভিড়ের মধ্যে ঢুকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও নয়জন। সোমবার দেশটির কর্মকর্তারা জানান, রোববার আয়োজিত ওই রেসিং প্রতিযোগিতার শেষ পর্যায়ে দুর্ঘটনাটি ঘটে। ফিনিশিং লাইন পার হওয়ার পর একটি গাড়ি […]
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের কোটামোবাগু শহরে ড্র্যাগ রেসিং প্রতিযোগিতায় ভয়াবহ দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। প্রতিযোগিতা চলাকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দর্শকদের ভিড়ের মধ্যে ঢুকে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও নয়জন।
সোমবার দেশটির কর্মকর্তারা জানান, রোববার আয়োজিত ওই রেসিং প্রতিযোগিতার শেষ পর্যায়ে দুর্ঘটনাটি ঘটে। ফিনিশিং লাইন পার হওয়ার পর একটি গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং রাস্তার পাশে থাকা দর্শকদের ওপর উঠে পড়ে।
দুর্ঘটনার পরপরই প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটির চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম কমপাস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিযোগিতাটিতে বিপুলসংখ্যক গাড়ি অংশ নেওয়ার জন্য নিবন্ধিত হয়েছিল। আয়োজকদের হিসাব অনুযায়ী, এবারের ড্র্যাগ রেসে মোট ৩৩৭টি গাড়ির নিবন্ধন ছিল।
দুর্ঘটনার পেছনে ঠিক কী কারণ ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। গাড়িটির নিয়ন্ত্রণ হারানোর কারণের পাশাপাশি প্রতিযোগিতাস্থলের নিরাপত্তাব্যবস্থা এবং দর্শকদের অবস্থানসংক্রান্ত বিষয়ও তদন্তের আওতায় আনা হচ্ছে।
দুর্ঘটনার পর ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সূত্র: আনাদোলু