ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় বসবাসরত ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে ইরানের কথিত হত্যা, অপহরণ ও হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের ২২টি দেশ। বুধবার (১০ জুন) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলো দাবি করেছে, ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো বিদেশে অবস্থানরত সমালোচক ও বিরোধী ব্যক্তিদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের ভয়ভীতি, নজরদারি […]
ছবি: সংগৃহীত
ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায় বসবাসরত ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে ইরানের কথিত হত্যা, অপহরণ ও হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের ২২টি দেশ।
বুধবার (১০ জুন) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলো দাবি করেছে, ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো বিদেশে অবস্থানরত সমালোচক ও বিরোধী ব্যক্তিদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের ভয়ভীতি, নজরদারি ও হামলামূলক কার্যক্রম চালিয়ে আসছে।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা শাখা, কুদস ফোর্স এবং গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয় বিদেশে অবস্থানরত ইরানি রাজনৈতিক ভিন্নমতাবলম্বী, সাংবাদিক, ইহুদি সম্প্রদায়ের সদস্য এবং ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।
বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো বলেছে, এ ধরনের আন্তঃদেশীয় কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের জন্য হুমকি। তাই নিজেদের নাগরিক ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তারা আরও জানায়, বিদেশের মাটিতে পরিচালিত এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ইরানকে অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ করতে হবে।
যৌথ বিবৃতিতে বলা হয়, “আমরা আমাদের সার্বভৌমত্ব, জনগণ এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অবিলম্বে এ ধরনের বৈরী কর্মকাণ্ড বন্ধ করতে হবে।”
বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সুইডেন, চেকিয়া, এস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, আলবেনিয়া, বুলগেরিয়া এবং উত্তর মেসিডোনিয়া।
এদিকে ইরান এখনো এ যৌথ বিবৃতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: আল জাজিরা