মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের কাছে এখনো তাদের মোট ক্ষেপণাস্ত্রের প্রায় ২১ থেকে ২২ শতাংশ অবশিষ্ট রয়েছে। দুদেশের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের মধ্যেই তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘তাদের এখনো সক্ষমতা রয়েছে। তাদের কিছু ক্ষেপণাস্ত্র আছে, কিছু […]
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের কাছে এখনো তাদের মোট ক্ষেপণাস্ত্রের প্রায় ২১ থেকে ২২ শতাংশ অবশিষ্ট রয়েছে।
দুদেশের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের মধ্যেই তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘তাদের এখনো সক্ষমতা রয়েছে। তাদের কিছু ক্ষেপণাস্ত্র আছে, কিছু ড্রোন আছে। আমি বলব, শতাংশের হিসেবে হয়তো তাদের ক্ষেপণাস্ত্রের ২১ বা ২২ শতাংশ এখনো বাকি আছে।’
ইরানের অবশিষ্ট ক্ষেপণাস্ত্রের এই হিসাব গত মে মাসে ট্রাম্পের দেওয়া ১৮ শতাংশের হিসাবের চেয়ে বেশি। যদিও তিনি এর আগে একাধিকবার দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতা প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।
এদিকে ইরানের সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে, তারা ওমান উপসাগরে অবস্থানরত দুটি মার্কিন ডেস্ট্রয়ারের দিকে ‘সতর্কতামূলক’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে মার্কিন সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ দাবি অস্বীকার করেছে।
এর দুই দিন আগে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা ‘ইরানি আগ্রাসনের’ অংশ হিসেবে ছোড়া ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত করেছে।
কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনা, হুমকি ও সহিংসতার মধ্যেও যুদ্ধ বন্ধে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সমঝোতা চুক্তি হয়নি।
তবে ট্রাম্প মনে করেন, শেষ পর্যন্ত ইরানের সামনে চুক্তি করা ছাড়া অন্য কোনো পথ নেই।
তিনি বলেন, ‘তারা শক্তিশালী, তারা গর্বিত, তবে এমন কিছু বিষয় রয়েছে যা তারা কখনো করার কথা ভাবেনি, কিন্তু এখন তাদের সেগুলো করতেই হবে।’