ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাসহ বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে চীনের উপ-প্রধানমন্ত্রী হি লিফেংয়ের সঙ্গে বৈঠক করবেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হাউস ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির শুনানিতে বেসেন্ট বলেন, ইরান যাতে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে না পারে, সে বিষয়ে চীনের সঙ্গে ইতোমধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আসন্ন বৈঠকে সেই আলোচনা আরও এগিয়ে […]
ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাসহ বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে চীনের উপ-প্রধানমন্ত্রী হি লিফেংয়ের সঙ্গে বৈঠক করবেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হাউস ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটির শুনানিতে বেসেন্ট বলেন, ইরান যাতে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে না পারে, সে বিষয়ে চীনের সঙ্গে ইতোমধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আসন্ন বৈঠকে সেই আলোচনা আরও এগিয়ে নেওয়া হবে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তিনটি চীনা ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আগামী ২৪ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ওয়াশিংটন সফর করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। তার আগে বেসেন্ট ও হি লিফেংয়ের মধ্যে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
একটি সূত্র জানিয়েছে, বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়েও আলোচনা হতে পারে। তবে বৈঠকের পূর্ণাঙ্গ আলোচ্যসূচি সম্পর্কে বেসেন্ট বিস্তারিত কিছু জানাননি।
এর আগে বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক ডি-ডে’ ঘোষণার কথা বলেছিলেন। একই সঙ্গে তেহরানকে অর্থনৈতিকভাবে আরও চাপে ফেলার হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।
চীন ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার। দেশটি ইরানের বিপুল পরিমাণ তেল আমদানি করে এবং কূটনৈতিক ক্ষেত্রেও তেহরানের গুরুত্বপূর্ণ সমর্থক হিসেবে পরিচিত।
এই পরিস্থিতিতে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর রাখার ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর বিষয়টি বৈঠকে গুরুত্ব পেতে পারে।