ইরান যদি পুনরায় পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম শুরু করে, তাহলে দেশটির ওপর আরও বড় ধরনের সামরিক হামলা সমর্থন করবে যুক্তরাষ্ট্র—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-এ-লাগোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা বলেন। তিনি দাবি করেন, গত জুনে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় […]
ছবি: সংগৃহীত
ইরান যদি পুনরায় পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম শুরু করে, তাহলে দেশটির ওপর আরও বড় ধরনের সামরিক হামলা সমর্থন করবে যুক্তরাষ্ট্র—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফ্লোরিডার মার-এ-লাগোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা বলেন। তিনি দাবি করেন, গত জুনে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় সচল করার চেষ্টা করছে বলে তার কাছে তথ্য রয়েছে।
ট্রাম্প বলেন, “আমি শুনেছি তারা পারমাণবিক অস্ত্রসহ নানা ধরনের সামরিক সরঞ্জাম তৈরি করছে। যদি তারা সত্যিই এ পথে এগোয়, তাহলে আগের হামলায় ধ্বংস হওয়া স্থাপনাগুলোর বাইরে অন্য লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে।”
ইরানকে সরাসরি সতর্ক করে তিনি আরও বলেন, “আমরা জানি তারা কোথায় যাচ্ছে, কী করছে। আমি আশা করি তারা পারমাণবিক অস্ত্র তৈরির চিন্তা থেকে সরে আসবে। কারণ আমাদের বি-২ বোমারু বিমান ব্যবহার করতে হলে ৩৭ ঘণ্টার দীর্ঘ যাত্রা করতে হয়, যা আমরা বারবার করতে চাই না।”
এদিকে, ট্রাম্প প্রশাসন বর্তমানে তেহরানের সঙ্গে সম্ভাব্য একটি নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এর মধ্যেই চলতি মাসে ইরান দুই দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা ওয়াশিংটনের উদ্বেগ আরও বাড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, পারমাণবিক কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও নতুন মাত্রা পাচ্ছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।