মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসেছেন উপসাগরীয় অঞ্চলের নেতারা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সৌদি আরবের জেদ্দায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। আঞ্চলিক নিরাপত্তা রক্ষা, যুদ্ধ-পরবর্তী স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং চলমান উত্তেজনা মোকাবিলায় একটি ঐক্যবদ্ধ অবস্থানে পৌঁছানোই ছিল বৈঠকের মূল লক্ষ্য। খবর আল জাজিরার। সৌদি […]
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসেছেন উপসাগরীয় অঞ্চলের নেতারা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সৌদি আরবের জেদ্দায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। আঞ্চলিক নিরাপত্তা রক্ষা, যুদ্ধ-পরবর্তী স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং চলমান উত্তেজনা মোকাবিলায় একটি ঐক্যবদ্ধ অবস্থানে পৌঁছানোই ছিল বৈঠকের মূল লক্ষ্য। খবর আল জাজিরার।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, জেদ্দায় পৌঁছালে জিসিসি নেতাদের স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সম্মেলনে অংশ নেন কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-সাবাহ, বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এছাড়া উপসাগরীয় অঞ্চলের অন্যান্য শীর্ষ প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কাতারের আমির শেখ তামিম সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, এই সম্মেলন যুদ্ধ পরিস্থিতি নিয়ে উপসাগরীয় দেশগুলোর “ঐক্যবদ্ধ অবস্থান” এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তাকে স্পষ্টভাবে তুলে ধরেছে।
সম্মেলনের আলোচনার কেন্দ্রে ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। জিসিসিভুক্ত ছয়টি দেশ—বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত—বিশ্ব অর্থনীতির স্বার্থে এই জলপথ দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানায়। যুদ্ধের কারণে প্রণালিটি কার্যত অচল হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ, তেলের দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে।
বিশ্লেষকদের মতে, বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি হরমুজ প্রণালির মাধ্যমে পরিবহন হওয়ায় এটি শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। ফলে উপসাগরীয় দেশগুলো চাইছে দ্রুত উত্তেজনা কমিয়ে এই সমুদ্রপথে স্বাভাবিক জাহাজ চলাচল নিশ্চিত করতে।
এদিকে জেদ্দায় বৈঠক চলাকালীনই বড় ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক চমক দেয় সংযুক্ত আরব আমিরাত। দেশটি “জাতীয় স্বার্থের” কথা উল্লেখ করে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপিইসি এবং ওপিইসি প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। আন্তর্জাতিক জ্বালানি বাজারে আমিরাতের এই সিদ্ধান্তকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ উপসাগরীয় অঞ্চলের ভেতরে নতুন কৌশলগত বিভাজনের ইঙ্গিতও হতে পারে। বিশেষ করে সৌদি আরব, আমিরাত ও অন্যান্য আঞ্চলিক শক্তির মধ্যে প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিনের প্রতিযোগিতা নতুন মাত্রা পেতে পারে।
অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সতর্ক করে বলেছেন, এই অঞ্চলে যেন দীর্ঘমেয়াদি “স্থবির সংঘাত” তৈরি না হয়। তিনি বলেন, “আমরা চাই না রাজনৈতিক কারণে এই অঞ্চলে বারবার যুদ্ধের পুনরাবৃত্তি ঘটুক।”
গত দুই মাসের সংঘাতে ইরান জিসিসিভুক্ত কয়েকটি দেশের জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। যদিও ৮ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির পর হামলার মাত্রা কমেছে, তবুও যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে এখনো কোনো স্থায়ী সমঝোতা হয়নি। ফলে পুরো উপসাগরীয় অঞ্চল এখনো উচ্চ সতর্কতায় রয়েছে।