ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই মাস ধরে চলা এই সংঘাত এখন হোয়াইট হাউসের জন্য বড় ধরনের রাজনৈতিক বোঝা হয়ে উঠেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বর্তমানে বিশ্লেষণ করছে— ট্রাম্প যদি একতরফাভাবে যুদ্ধজয়ের ঘোষণা দেন, তাহলে ইরান কী ধরনের প্রতিক্রিয়া […]
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই মাস ধরে চলা এই সংঘাত এখন হোয়াইট হাউসের জন্য বড় ধরনের রাজনৈতিক বোঝা হয়ে উঠেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বর্তমানে বিশ্লেষণ করছে— ট্রাম্প যদি একতরফাভাবে যুদ্ধজয়ের ঘোষণা দেন, তাহলে ইরান কী ধরনের প্রতিক্রিয়া জানাতে পারে।
যুদ্ধে ইতোমধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। একই সঙ্গে যুদ্ধের ব্যয়, জ্বালানি সংকট এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও বিতর্ক বাড়ছে।
জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের অনুরোধে গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য সেনা প্রত্যাহারের বিভিন্ন পরিস্থিতি মূল্যায়ন করছে। প্রশাসনের উপদেষ্টারা আশঙ্কা করছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় রাজনৈতিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।
রয়টার্সের সূত্র অনুযায়ী, ফেব্রুয়ারিতে সামরিক অভিযান শুরুর পর গোয়েন্দা সংস্থাগুলো একটি প্রাথমিক মূল্যায়ন তৈরি করেছে। সেখানে বলা হয়েছে, ট্রাম্প যদি বিজয় ঘোষণা করে অঞ্চল থেকে মার্কিন সেনা সরিয়ে নেন, তাহলে ইরান সেটিকে নিজেদের কৌশলগত বিজয় হিসেবে প্রচার করতে পারে।
অন্যদিকে, যদি ট্রাম্প বিজয়ের ঘোষণা দিলেও মধ্যপ্রাচ্যে বড় পরিসরে সেনা উপস্থিতি বজায় রাখেন, তাহলে ইরান সেটিকে ভবিষ্যৎ আলোচনার অংশ হিসেবে দেখতে পারে। তবে তাতেও সংঘাত পুরোপুরি শেষ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামরিক সাফল্যের পাশাপাশি রাজনৈতিক ফলাফলও ট্রাম্প প্রশাসনের জন্য বড় বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স, মিডল ইস্ট মনিটর