ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বিষয়ে পদক্ষেপ নিতে তার স্ত্রী ও বর্তমান সংসদ সদস্য তাহসিনা রুশদিরকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত নোটিশ দেওয়ার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ইলিয়াস আলীর হত্যাকাণ্ড অবিচারিত যাবে না। এ বিষয়ে সংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে […]
ছবি: সংগৃহীত
ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বিষয়ে পদক্ষেপ নিতে তার স্ত্রী ও বর্তমান সংসদ সদস্য তাহসিনা রুশদিরকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত নোটিশ দেওয়ার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ইলিয়াস আলীর হত্যাকাণ্ড অবিচারিত যাবে না। এ বিষয়ে সংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে এ সংক্রান্ত পয়েন্ট অব অর্ডারের জবাব দিতে গিয়ে স্পিকার এ কথা বলেন। এর আগে সরকারি দলের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু পয়েন্ট অব অর্ডারে উঠে গণমাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে ইলিয়াস আলীকে হত্যা করে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়ার প্রসঙ্গ তোলেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ টেনে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ইলিয়াস আলী গুমের ঘটনায় বিস্ফোরক তথ্য পাওয়া গেছে। বনানী থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় র্যাব-১ সদর দপ্তরে, পরে লাশ ফেলা হয় ধলেশ্বরীতে। তার ভাষায়, যে অপরাধ হয়েছে, তা আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধের শামিল।
দুলু আরও বলেন, ইলিয়াস আলী ছিলেন স্পিকারের সহকর্মী এবং তারও ঘনিষ্ঠ বন্ধু। বহু স্মৃতি জড়িয়ে আছে। তিনি বলেন, “আজকে ইলিয়াস আলী বেঁচে থাকলে আমরা একসঙ্গে এই সংসদে থাকতাম।” তার দাবি, ২০১২ সালের ১৭ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে ইলিয়াস আলীকে হত্যা করে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়। এ ধরনের নিষ্ঠুর কাজ পৃথিবীর ইতিহাসে বিরল বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নির্দেশ ছাড়া ইলিয়াস আলী গুম হয়নি, আবার তার নির্দেশ ছাড়া হত্যাও হয়নি। তার স্ত্রী, যিনি বর্তমানে সংসদে রয়েছেন, শিশু সন্তানকে নিয়ে একসময় শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন এবং তাকে দ্রুত ফেরত পাঠানোর আশ্বাসও পেয়েছিলেন বলে দুলু দাবি করেন। বক্তব্য শেষ হওয়ার আগেই তার মাইক বন্ধ হয়ে যায়।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়বিদারক। সারা দেশে এটি বহুল আলোচিত ঘটনা। ইলিয়াস আলীর সহধর্মিণী সংসদ সদস্য তাহসিনা রুশদিরও এখানে উপস্থিত রয়েছেন। তিনি বলেন, প্রয়োজনে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত নোটিশ দেওয়া যেতে পারে।
স্পিকার আরও জানান, এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও অনেক ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, ইলিয়াস আলী দেশের একজন প্রিয় ও জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন। তার হত্যাকাণ্ড অবিচারিত যাবে না। এ বিষয়ে সংসদ ও স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।