শনিবারের ভোর মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে আতঙ্ক, বিস্ফোরণ আর মৃত্যুর সংবাদ। কয়েক সপ্তাহের চরম উত্তেজনার পর ইরানের ভূখণ্ডে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এই ‘বড় ধরনের সামরিক অভিযানে’ সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য সাধারণ মানুষ ও শিশুর জীবন। তবে এই হামলার পাল্টা জবাব দিতে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক আক্রমণ […]
ছবি: সংগৃহীত
শনিবারের ভোর মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছে আতঙ্ক, বিস্ফোরণ আর মৃত্যুর সংবাদ। কয়েক সপ্তাহের চরম উত্তেজনার পর ইরানের ভূখণ্ডে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এই ‘বড় ধরনের সামরিক অভিযানে’ সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য সাধারণ মানুষ ও শিশুর জীবন। তবে এই হামলার পাল্টা জবাব দিতে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক আক্রমণ চালাচ্ছে ইরান।
নির্ভরযোগ্য সূত্রের বরাতে বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্তত ১৪টি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একাধিক দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌবাহিনীর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রে যুক্তরাষ্ট্রের একটি এমএসটি শ্রেণির কমব্যাট সাপোর্ট যুদ্ধজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি নৌসম্পদ এখন ইরানের হামলার আওতায় রয়েছে বলেও জানানো হয়।
খতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের জবাবে শুরু হওয়া ‘অপারেশন ট্রু প্রমিজ–৪’ নিরবচ্ছিন্নভাবে চলবে। শত্রুর চূড়ান্ত পরাজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না।
তিনি আরও বলেন, এই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি, সামরিক সম্পদ এবং স্বার্থ এখন থেকে ইরানের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু। একই সঙ্গে তিনি ইরানি জনগণকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।
চলমান সংঘাতে সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে দক্ষিণ ইরানের হরমোজান প্রদেশের মিনাব শহরে। সেখানে একটি বালিকা বিদ্যালয়ে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, নিরপরাধ শিশুদের রক্তের ঋণ অবশ্যই শোধ করা হবে।
পরিস্থিতির অবনতি ঘটায় রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ। সাইরেনের শব্দ, ধোঁয়া আর আতঙ্কে থমথমে হয়ে উঠেছে জনজীবন।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি ও জরুরি ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ২০টির বেশি ভয়াবহ হামলার শিকার হয়েছে। ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনায় মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে মানবিক সংস্থাগুলো।
পাল্টা অভিযানের অংশ হিসেবে কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ও ইসরাইল-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কাতারের আল-উদেইদ ও কুয়েতের আল-সালেম বিমানঘাঁটিতে সরাসরি আঘাত হানার তথ্য নিশ্চিত হয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দুবাইয়ের পাম আইল্যান্ড এলাকায় আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদেও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলে এই হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন এবং কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছেন।
মধ্যপ্রাচ্য এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। শান্তির সম্ভাবনা ক্ষীণ হয়ে যুদ্ধের দামামা আরও তীব্র হচ্ছে। স্কুলগামী শিশু থেকে শুরু করে ঘরছাড়া সাধারণ মানুষ—সবাই যেন এই ভূরাজনৈতিক সংঘাতের নিষ্ঠুর বলি। বিশ্ববাসী উৎকণ্ঠাভরে তাকিয়ে আছে, এই ভয়াবহ যুদ্ধ কি আরও বড় কোনো বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে?