সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:০৭ পিএম, ২০ জুন ২০২৬

ইসরায়েলকে কালোতালিকাভুক্তি: জাতিসংঘ কর্মকর্তা ও ইসরায়েলি দূতের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

ইসরায়েলকে জাতিসংঘের কালোতালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে কেন্দ্র করে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে প্রকাশ্য বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। শুক্রবার (১৯ জুন) নিউইয়র্কে আয়োজিত এক গণশুনানিতে এ ঘটনা ঘটে। ‘সংঘাতে যৌন সহিংসতা নির্মূলবিষয়ক আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ড্যানন জাতিসংঘ মহাসচিবের শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক বিশেষ প্রতিনিধি প্রমীলা প্যাটেনের পদত্যাগ দাবি […]

ইসরায়েলকে কালোতালিকাভুক্তি: জাতিসংঘ কর্মকর্তা ও ইসরায়েলি দূতের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইসরায়েলকে জাতিসংঘের কালোতালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে কেন্দ্র করে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে প্রকাশ্য বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। শুক্রবার (১৯ জুন) নিউইয়র্কে আয়োজিত এক গণশুনানিতে এ ঘটনা ঘটে।

‘সংঘাতে যৌন সহিংসতা নির্মূলবিষয়ক আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ড্যানন জাতিসংঘ মহাসচিবের শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক বিশেষ প্রতিনিধি প্রমীলা প্যাটেনের পদত্যাগ দাবি করেন।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে যৌন সহিংসতার অভিযোগের প্রেক্ষিতে প্রথমবারের মতো ইসরায়েলকে কালোতালিকাভুক্ত করা হয়। ড্যানন ওই প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে অভিযোগ করেন, এতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ইসরায়েলবিরোধী অবস্থানের প্রতিফলন ঘটেছে।

ড্যাননের বক্তব্যের সময় জাতিসংঘের কর্মকর্তা ভ্যানেসা ফ্রেজার হস্তক্ষেপ করে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিবেদনের তথ্য যাচাই-বাছাই ও প্রমাণের ভিত্তিতেই উপস্থাপন করা হয়েছে।

এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ড্যানন। তিনি ফ্রেজারকে থামতে বলেন এবং মন্তব্য করেন যে, একটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে জাতিসংঘ কর্মকর্তাদের আচরণে নির্দিষ্ট সীমারেখা থাকা উচিত।

সম্প্রতি ভ্যানেসা ফ্রেজার মহাসচিবের পক্ষে আরেকটি প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে ফিলিস্তিনি শিশুদের অধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোকে বৈশ্বিক কালোতালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়।

প্রতিবেদনে মহাসচিব আন্তোনিও গুতেরেস ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন এবং এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার অবস্থানে রয়েছে। চলতি বছরের শেষ দিকে গুতেরেসের ১০ বছরের দায়িত্বকাল শেষ হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বিতর্কিত দুটি প্রতিবেদনে ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকেও কালোতালিকাভুক্ত করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ