সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
২:২২ পিএম, ৯ জুন ২০২৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ এবং ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে তুমুল আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। এ সময় ইসলামী ব্যাংকের মালিকানা, পরিচালনা পর্ষদ এবং সাম্প্রতিক নিয়োগ নিয়ে উত্থাপিত অভিযোগের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়।” মঙ্গলবার (৯ জুন) […]

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ এবং ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে তুমুল আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। এ সময় ইসলামী ব্যাংকের মালিকানা, পরিচালনা পর্ষদ এবং সাম্প্রতিক নিয়োগ নিয়ে উত্থাপিত অভিযোগের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়।”

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ইসলামী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। তার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন বিষয়ে অযথা ইসলামের নাম ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেওয়া ঠিক নয়। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের নামে ‘ইসলামী’ শব্দ থাকলেই সেটিকে ধর্মীয় পরিচয়ের সঙ্গে এক করে দেখা সমীচীন নয়।

ব্যাংকটিতে চলমান আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈধ গ্রাহকদের স্বার্থ রক্ষা করা হবে এবং নিয়ম অনুযায়ী তাদের মালিকানা নিশ্চিত করা হবে। তবে তিনি অভিযোগ করেন, কিছু মহল পর্দার আড়াল থেকে গ্রাহকদের নাম ব্যবহার করে ব্যাংকে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, “যারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন, তারা সফল হবেন না। আইন অনুযায়ী সবকিছু পরিচালিত হবে।”

ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট ক্ষমতা রয়েছে। প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক যেকোনো সময় পরিচালনা পর্ষদকে অব্যাহতি দিতে পারে। এ বিষয়ে আপত্তি থাকলে আইন পরিবর্তনের উদ্যোগ নিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তদন্ত করা হবে। বিশেষ করে নাবিল গ্রুপসহ যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, সেগুলো খতিয়ে দেখা হবে।

একই সঙ্গে অতীতে নিয়মবহির্ভূতভাবে প্রায় ৯ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার অভিযোগও তদন্তের আওতায় আনা হবে বলে ইঙ্গিত দেন তিনি।

এর আগে সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, এস আলম গ্রুপ অতীতে ২৬টি ভুয়া কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে। তিনি দাবি করেন, সরকার আবারও বিতর্কিত ব্যক্তিদের ব্যাংকের নেতৃত্বে বসিয়ে নতুন করে লুটপাটের সুযোগ সৃষ্টি করছে।

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগের পর থেকেই ব্যাংকের একাংশের গ্রাহক ও শেয়ারহোল্ডাররা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর বিরোধিতা করে আসছেন।

ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি, পরিচালনা পর্ষদের পরিবর্তন এবং মালিকানা কাঠামো নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ