সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৫:১৪ অপরাহ্ন, ৩১ জানুয়ারি ২০২৬

ইসির অনলাইন কার্ড আবেদনে নিরাপত্তা বিপর্যয়, ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড এবং যানবাহনের স্টিকার প্রদানে নতুন পদ্ধতি চালু করেছিল নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো সাংবাদিকদের জন্য অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়। তবে এই উদ্যোগের মধ্যেই বড় ধরনের নিরাপত্তা ত্রুটি সামনে এসেছে—ইসির নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রায় ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। সাংবাদিকদের […]

নির্বাচন কমিশন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের কার্ড এবং যানবাহনের স্টিকার প্রদানে নতুন পদ্ধতি চালু করেছিল নির্বাচন কমিশন (ইসি)। প্রথমবারের মতো সাংবাদিকদের জন্য অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়। তবে এই উদ্যোগের মধ্যেই বড় ধরনের নিরাপত্তা ত্রুটি সামনে এসেছে—ইসির নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রায় ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে।

সাংবাদিকদের আপত্তি ও চাপের মুখে গত বৃহস্পতিবার অনলাইন আবেদন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকে সরে আসে নির্বাচন কমিশন। তবে তার আগেই নির্বাচনসংক্রান্ত সংবাদ কাভারের জন্য প্রায় ১৪ হাজার সাংবাদিক অনলাইনে আবেদন করেছিলেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ওই আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ আবেদন তথ্য ইসির ওয়েবসাইটে উন্মুক্ত হয়ে পড়ে।

ইসির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশের সঙ্গে সঙ্গেই হোমপেজে আবেদনকারীদের তালিকা দৃশ্যমান হয়ে যায়। তালিকার পাশাপাশি সাংবাদিকদের নাম, এনআইডি নম্বর, মোবাইল নম্বর এবং সম্পূর্ণ আবেদনপত্র দেখার অপশনও সক্রিয় ছিল, যা যে কেউ লগইন করলেই দেখতে পাচ্ছিল।

ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল বলেন, সাংবাদিকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই অনলাইন কার্ড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “এই ব্যবস্থার কারিগরি নিরাপত্তা বা তথ্য সুরক্ষা নিয়ে কোনো সনদ আমাদের দেখানো হয়নি। এর ফলেই এমন মারাত্মক তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে।”

জানা গেছে, নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা সাংবাদিকদের সঙ্গে আলোচনা না করেই অনলাইন সিস্টেম চালু করে। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাংবাদিকদের বৈঠক ও আলটিমেটামের পর ইসি আগের পদ্ধতিতে কার্ড ও গাড়ির স্টিকার দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, “আমরা অনলাইন সিস্টেম আগেই বন্ধ করে দিয়েছিলাম। আজ এটি কীভাবে চালু হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।” পরে তিনি জানান, বিকেলে ওয়েবসাইটের দায়িত্বপ্রাপ্ত অ্যাডমিন সাময়িকভাবে সাইটটি খুলে দিয়েছিলেন। বর্তমানে ওয়েবসাইটটি আবার বন্ধ রয়েছে।

ইসির নির্দেশনায় অনলাইন আবেদন করতে গিয়ে সাংবাদিকদের ধাপে ধাপে জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড প্রদান করতে হয়েছিল। এরপর ওটিপি যাচাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়।

এদিকে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অনলাইনে কার্ড দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। তবে এ প্রক্রিয়া থেকে সাংবাদিকদের তথ্য ফাঁস হয়েছে কি না, সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

তথ্য ফাঁসের এই ঘটনায় সাংবাদিক মহলে চরম উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের তথ্য ব্যবস্থাপনায় এমন গাফিলতি ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ