এবারের ঈদে নতুন টাকার নোট সাধারণ বাজারে দেওয়া হচ্ছে না, তবে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীরা নতুন নোট পাচ্ছেন। সম্প্রতি ব্যাংকটি এই বিষয়ে একটি অভ্যন্তরীণ নির্দেশ জারি করেছে। রোববার থেকে কর্মকর্তারা নতুন নোট নিতে শুরু করেছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নানা সমালোচনা শুরু হয়েছে। প্রতি বছর ঈদের আগে বাংলাদেশ ব্যাংক ১৫–২০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে […]
ছবি: সংগৃহীত
এবারের ঈদে নতুন টাকার নোট সাধারণ বাজারে দেওয়া হচ্ছে না, তবে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব কর্মকর্তা-কর্মচারীরা নতুন নোট পাচ্ছেন। সম্প্রতি ব্যাংকটি এই বিষয়ে একটি অভ্যন্তরীণ নির্দেশ জারি করেছে। রোববার থেকে কর্মকর্তারা নতুন নোট নিতে শুরু করেছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নানা সমালোচনা শুরু হয়েছে।
প্রতি বছর ঈদের আগে বাংলাদেশ ব্যাংক ১৫–২০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ে। গত ঈদে মাত্র ৫০০ কোটি টাকার নতুন নোট দেওয়া হয়েছিল। এবার বাজারে নতুন নোট ছাড়া হবে না বলে জানানো হয়েছে। ফলে সাধারণ মানুষ নতুন নোট পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
বাংলাদেশ ব্যাংকের অফিস আদেশ অনুযায়ী, নির্বাহী পরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক ও যুগ্ম পরিচালক পদমর্যাদার কর্মকর্তারা প্রত্যেকে সর্বাধিক ১ লাখ ৮৩ হাজার টাকার সমপরিমাণ নতুন নোট নিতে পারবেন। পরিচ্ছন্নতাকর্মী ও অন্যান্য কর্মচারীরা সর্বাধিক ৬৮ হাজার টাকার নতুন নোট পাবেন। কর্মকর্তারা ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত চাহিদা অনুযায়ী নতুন নোট নিতে পারবেন।
অনেকে মনে করছেন, এই নতুন নোট অবৈধ লেনদেনের মাধ্যমে ফুটপাতের নতুন নোট ও ছেঁড়া টাকার ব্যবসায়ীদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করতে পারে। কিছু ব্যাংক কর্মকর্তা বলেন, “কেন্দ্রীয় ব্যাংক ক্যাশলেস উদ্যোগ নিচ্ছে, কিন্তু নিজেদের কর্মকর্তাদের জন্য নতুন নোট দেওয়া হচ্ছে, এতে ক্যাশলেস নীতির সঙ্গে প্রশ্ন উঠে।”
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ঈদের আগে নতুন টাকার নোট বাজারে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কর্মকর্তারা নতুন নোট পাবেন।