অনলাইন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন ধরনের জালিয়াতি বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে আলাদা আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জালিয়াতি নিয়ন্ত্রণে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান […]
অনলাইন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন ধরনের জালিয়াতি বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে আলাদা আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জালিয়াতি নিয়ন্ত্রণে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস সচিব বলেন, “বাংলাদেশে অনলাইন ও এআই ব্যবহারের পর জালিয়াতি ভয়ংকরভাবে বেড়েছে। এখন যেন জালিয়াতির এক সমুদ্র তৈরি হয়েছে। এ কারণে দেশের আন্তর্জাতিক সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
তিনি জানান, একটি বড় জালিয়াত চক্র অনলাইনে নানা প্রতারণায় লিপ্ত রয়েছে এবং বিদেশগামী নাগরিকদের ভিসা জালিয়াতির মতো বড় অপরাধেও জড়িত। এর ফলে বিভিন্ন দেশে বাংলাদেশি নাগরিকরা হয়রানির মুখে পড়ছেন, ভিসা প্রক্রিয়ায় সমস্যায় পড়ছেন।
শফিকুল আলম আরও বলেন, “অনলাইন ও এআই জালিয়াতি কীভাবে রোধ করা যায় সে বিষয়ে প্রধান উপদেষ্টা স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। জরুরি ভিত্তিতে একটি আলাদা আইন করা হবে, যাতে এআই বা সফটওয়্যার ব্যবহার করে প্রতারণায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা যায়।”