একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকা ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক বছরের জন্য বৈধ এই ভিসা থাকলেও প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে অনুমোদিত ওমরাহ সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহ পালনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে সৌদি মন্ত্রণালয়ের নতুন […]
ছবি: সংগৃহীত
একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকা ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক বছরের জন্য বৈধ এই ভিসা থাকলেও প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে অনুমোদিত ওমরাহ সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহ পালনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে সৌদি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার বিষয়টি তুলে ধরা হয়।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, একাধিকবার প্রবেশের সুবিধা থাকা ওমরাহ ভিসাধারীদের নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে প্রয়োজনীয় সেবা প্যাকেজ কিনতে হবে। একই সঙ্গে সৌদি আরবে ভ্রমণের আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিও নিতে হবে।
জুলাইয়ে চালু হওয়া একাধিকবার প্রবেশের এই ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। ভিসার মেয়াদ চলাকালে একজন ভিসাধারী একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
তবে পুরো এক বছরের মেয়াদে সৌদি আরবে অবস্থানের মোট সময় সর্বোচ্চ ৯০ দিন নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ একাধিকবার প্রবেশের সুযোগ থাকলেও সব সফর মিলিয়ে ৯০ দিনের বেশি দেশটিতে অবস্থান করা যাবে না।
ওমরাহ পালনে আরও নমনীয়তা ও সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এই ভিসা ব্যবস্থা চালু করা হলেও প্রতিটি সফরের ক্ষেত্রে আলাদাভাবে সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহর অনুমতি নেওয়ার নিয়ম বহাল থাকবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে ওমরাহযাত্রীকে নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে একটি সেবা প্যাকেজ কিনতে হবে।
এই প্যাকেজের মেয়াদ কোনোভাবেই সংশ্লিষ্ট ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বর্তমান নির্দেশনাতেও অনুমোদিত সেবা প্রদানকারীর মাধ্যমে ওমরাহ সেবা প্যাকেজ নেওয়ার ব্যবস্থা উল্লেখ রয়েছে।
এর পাশাপাশি সৌদি আরবে পৌঁছানোর আগেই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতি নিতে হবে। অনুমতিপত্রে নির্ধারিত তারিখ এবং সেবা প্যাকেজের তারিখের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, শুধু ওমরাহ ভিসা থাকলেই সৌদি আরবে প্রবেশের সব শর্ত পূরণ হয়েছে বলে ধরে নেওয়া যাবে না। ভ্রমণকারীদের সৌদি আরবে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে প্রযোজ্য অন্যান্য যোগ্যতা ও শর্তও পূরণ করতে হবে।
প্রথমবার সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াটি শুরু হবে নুসুকে অনুমোদিত সেবা প্যাকেজ কেনার মাধ্যমে। এরপর ভিসার আবেদনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভ্রমণের আগে যাত্রীর সৌদি আরবে প্রবেশের যোগ্যতা যাচাই করা হবে। যাচাই শেষে তিনি দেশটির উদ্দেশে বিমানে যাত্রা করতে পারবেন।
সৌদি আরবে পৌঁছানোর পর তার প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে। দেশ ছাড়ার সময় সেই তথ্য আবার হালনাগাদ করা হবে।
এর মাধ্যমে একজন ভিসাধারী ইতোমধ্যে সৌদি আরবে কত দিন অবস্থান করেছেন এবং এক বছরের ভিসার আওতায় অনুমোদিত মোট ৯০ দিনের অবস্থানকাল থেকে আরও কত দিন বাকি রয়েছে, তা হিসাব করা হবে।
ফলে একাধিকবার প্রবেশের সুবিধা থাকা ওমরাহ ভিসাধারীদের জন্য ভিসার মেয়াদ, প্রতিটি সফরের সেবা প্যাকেজ এবং নুসুকের ওমরাহ অনুমতির বিষয়গুলো আলাদাভাবে মেনে চলা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: গালফ নিউজ ও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়