কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জন্য নিজেদের তৈরি নতুন চিপ ‘জালাপেনো’র বেঞ্চমার্ক প্রকাশ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির দাবি, এআই ইনফারেন্সে তাদের নতুন চিপটি এনভিডিয়ার শীর্ষস্থানীয় চিপগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে। মঙ্গলবার (২৫ আগস্ট) প্রকাশিত বেঞ্চমার্কে জালাপেনো চিপের উচ্চগতির পারফরম্যান্সের বিভিন্ন তথ্য তুলে ধরেছে ওপেনএআই। এআই মডেল চালানোর সময় দ্রুত ইনফারেন্স সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই চিপটি তৈরি করা […]
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জন্য নিজেদের তৈরি নতুন চিপ ‘জালাপেনো’র বেঞ্চমার্ক প্রকাশ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির দাবি, এআই ইনফারেন্সে তাদের নতুন চিপটি এনভিডিয়ার শীর্ষস্থানীয় চিপগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে।
মঙ্গলবার (২৫ আগস্ট) প্রকাশিত বেঞ্চমার্কে জালাপেনো চিপের উচ্চগতির পারফরম্যান্সের বিভিন্ন তথ্য তুলে ধরেছে ওপেনএআই। এআই মডেল চালানোর সময় দ্রুত ইনফারেন্স সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই চিপটি তৈরি করা হয়েছে।
ওপেনএআই জানিয়েছে, জালাপেনো চিপ তৈরির নকশা ও উন্নয়ন প্রক্রিয়ায় তাদের নিজস্ব এআই মডেল ব্যবহার করা হয়েছে। এর ফলে চিপের নকশা তৈরি, পরীক্ষা ও যাচাইয়ের বিভিন্ন ধাপ দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এ পদ্ধতির কারণে তুলনামূলক কম সময়ে চিপটির উন্নয়ন শেষ করা গেছে।
তবে চিপটির উন্নয়ন ও উৎপাদনে ওপেনএআই একা কাজ করছে না। উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান ব্রডকম। আর চিপ উৎপাদনের জন্য তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)-এর মতো চিপ নির্মাতা প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতার ওপর নির্ভর করতে হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নিজেদের এআই মডেল ব্যবহার করে দ্রুত নতুন চিপ তৈরি এবং সেই চিপের মাধ্যমে আরও শক্তিশালী এআই মডেল চালানোর সক্ষমতা এআই প্রযুক্তির উন্নয়নের গতি বাড়াতে পারে। তবে এই পথে মেমোরি, বিদ্যুৎ সরবরাহ এবং পর্যাপ্ত পরিমাণে চিপ উৎপাদনের সক্ষমতার মতো বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে।
এআই চিপের বাজারে দীর্ঘদিন ধরে এনভিডিয়ার শক্তিশালী অবস্থান রয়েছে। বিশেষ করে এআই মডেলের প্রশিক্ষণ ও ইনফারেন্সের জন্য প্রতিষ্ঠানটির জিপিইউ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ওপেনএআইয়ের নিজস্ব চিপ তৈরির উদ্যোগ তাই বাজারে প্রতিযোগিতা আরও বাড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিজস্ব হার্ডওয়্যার তৈরির মাধ্যমে ওপেনএআই ভবিষ্যতে এআই মডেল চালানোর খরচ ও দক্ষতা নিয়ন্ত্রণে আরও বেশি সক্ষম হতে পারে। তবে জালাপেনোর প্রকৃত বাণিজ্যিক সাফল্য নির্ভর করবে চিপটির উৎপাদন সক্ষমতা, বাস্তব ব্যবহারে পারফরম্যান্স এবং বড় পরিসরে এআই সেবায় এর কার্যকারিতার ওপর।
সূত্র: সেমাফোর