কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে বাস্তব পরিবেশে আরও দক্ষ করে তুলতে অভিনব এক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি স্টার্টআপ প্রতিষ্ঠান ডাইমেনশনাল। এআই মডেল প্রশিক্ষণের জন্য সান ফ্রান্সিসকোর রাস্তায় রোবট কুকুর নিয়ে হাঁটার কাজ করতে কর্মী খুঁজছিল প্রতিষ্ঠানটি। এ কাজের জন্য প্রতি ঘণ্টায় ২০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৪৮৩ টাকা পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। […]
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে বাস্তব পরিবেশে আরও দক্ষ করে তুলতে অভিনব এক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি স্টার্টআপ প্রতিষ্ঠান ডাইমেনশনাল। এআই মডেল প্রশিক্ষণের জন্য সান ফ্রান্সিসকোর রাস্তায় রোবট কুকুর নিয়ে হাঁটার কাজ করতে কর্মী খুঁজছিল প্রতিষ্ঠানটি। এ কাজের জন্য প্রতি ঘণ্টায় ২০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৪৮৩ টাকা পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।
দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডাইমেনশনাল চার পেয়ে রোবটগুলো নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় প্রতিদিন চার থেকে ছয় ঘণ্টা ঘোরার জন্য অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত ৫ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, কাজ শেষে প্রতিটি শিফটের পারিশ্রমিক তাৎক্ষণিকভাবে দেওয়া হবে।
চাকরিটির জন্য প্রযুক্তি বা রোবটিকস বিষয়ে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক ছিল না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকেই কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা রাখার কথা জানানো হয়েছিল। তবে কাজের জন্য প্রায় ৩৩ পাউন্ড বা ১৫ কেজি ওজনের সরঞ্জাম বহনের সক্ষমতা থাকতে হবে। কারণ, অতিরিক্ত গরম হয়ে যাওয়া কিংবা সংযোগ বিচ্ছিন্ন হয়ে বন্ধ হয়ে যাওয়া রোবটগুলো প্রয়োজনে কর্মীদের বহন করে ফিরিয়ে আনতে হবে।
ডাইমেনশালের প্রতিষ্ঠাতা স্ট্যাশ পমিখটার জানিয়েছেন, মানুষের নিয়ন্ত্রণে রোবট কুকুরগুলো যখন বিভিন্ন পরিবেশে চলাফেরা করে, তখন সেগুলোর সেন্সর ও ক্যামেরা চারপাশের পরিস্থিতি সম্পর্কে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে। এসব তথ্য এআই মডেলকে বাস্তব জগতের পরিবেশ বুঝতে এবং সেই অনুযায়ী কাজ করতে প্রশিক্ষণ দিতে সহায়তা করে।
প্রতিষ্ঠানটির পরীক্ষায় দেখা গেছে, রোবটের হার্ডওয়্যার নিয়ন্ত্রণে এআই এজেন্টগুলো এখনো পুরোপুরি দক্ষ হয়ে ওঠেনি। ফলে এ পর্যায়ে রোবট পরিচালনায় মানুষের সহায়তা প্রয়োজন হচ্ছে।
সান ফ্রান্সিসকোর ডগপ্যাচ এলাকায় অবস্থিত ডাইমেনশাল এমন একটি ওপেন-সোর্স অপারেটিং সিস্টেম তৈরি করছে, যার মাধ্যমে এআই ব্যবহার করে বিভিন্ন ধরনের রোবট পরিচালনা করা সম্ভব হবে।
রোবট কুকুর হাঁটানোর নিয়োগ বিজ্ঞপ্তিটি পরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হয়। তবে প্রতিষ্ঠানটির রোবটভিত্তিক গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের পরিধি বেশ বড়। যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির বিভিন্ন নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে ইতোমধ্যে শতাধিক রোবট কুকুর এবং ৫০টি মানবসদৃশ রোবট সংগ্রহ করেছে ডাইমেনশাল।
চীনা প্রতিষ্ঠান ইউনিট্রির তৈরি প্রতিটি রোবট কুকুরের গড় দাম প্রায় ২ হাজার ডলার। ভবিষ্যতে এসব রোবটকে শিল্পকারখানা, ডেটা সেন্টার, নির্মাণস্থল এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে স্বয়ংক্রিয়ভাবে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
বাস্তব পরিবেশে মানুষের সহায়তায় রোবটগুলোর চলাফেরা ও তথ্য সংগ্রহের মাধ্যমে এআইকে আরও কার্যকর করে তোলাই ডাইমেনশালের এই উদ্যোগের মূল লক্ষ্য।