চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনেই দেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৫৯৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৩০ টাকা ধরে)। গড় হিসাবে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১১ কোটি ৯৮ লাখ ডলার রেমিট্যান্স, যা সাম্প্রতিক সময়ের প্রবণতা […]
ছবি: সংগৃহীত
চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনেই দেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ সময়ে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১৪৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ হাজার ৫৯৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৩০ টাকা ধরে)।
গড় হিসাবে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১১ কোটি ৯৮ লাখ ডলার রেমিট্যান্স, যা সাম্প্রতিক সময়ের প্রবণতা অনুযায়ী শক্তিশালী প্রবাহের ইঙ্গিত দেয়।
সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে রেমিট্যান্স উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর এ সময়ে দেশে এসেছিল ১০৫ কোটি ২০ লাখ ডলার, যা এবার অনেক বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৬৪ কোটি ৫০ লাখ ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ১০ শতাংশ বেশি।
এর আগে, মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স ছিল ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।
বিশ্লেষকদের মতে, ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে।