জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে আবারও ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আগের হুমকির ঘটনায় অভিযোগ জানাতে রাজধানীর তেজগাঁও থানায় গিয়ে অবস্থান করার সময় সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তাঁকে এই হুমকি দেওয়া হয়। দুপুর ২টার দিকে একটি বাংলাদেশি নম্বর থেকে তাঁর ফোনে কল আসে। এর আগে […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে আবারও ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আগের হুমকির ঘটনায় অভিযোগ জানাতে রাজধানীর তেজগাঁও থানায় গিয়ে অবস্থান করার সময় সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তাঁকে এই হুমকি দেওয়া হয়।
দুপুর ২টার দিকে একটি বাংলাদেশি নম্বর থেকে তাঁর ফোনে কল আসে। এর আগে কয়েক দিন ধরে ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মিতু ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।
এসব হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ দায়ের করতে সোমবার দুপুরে তেজগাঁও থানায় যান মাহমুদা মিতু। কিন্তু থানার ভেতরে অবস্থান করার সময়ই আবারও তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগ দায়েরের সময় তিনিও মিতুর সঙ্গে থানায় উপস্থিত ছিলেন।
এর আগে রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে অবস্থানকালেও মাহমুদা মিতুকে ফোন করে দেশ ছেড়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল। গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে তাঁকে ও তাঁর পরিবারকে লক্ষ্য করে এমন হুমকি আসছিল।
সূত্র: দৈনিক ইত্তেফাক